India & World UpdatesHappeningsBreaking News

বায়ুসেনার চাকরি ছাড়লেন অভিনন্দন

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর: ২০১৯ সালে পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমানকে আকাশেই ধুলোয় মিশিয়ে দিয়ে পাক সেনার হাতে বন্দি হয়েছিলেন। পরে সসম্মানে দেশে ফিরে জাতীয় বীরের সম্মান পেয়েছিলেন বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সাহসিকতার জন্য ‘বীর চক্র’ প্রাপক সেই ফাইটার পাইলট এ বার সামরিক উর্দি খুলে বাণিজ্যিক বিমান ওড়ানোর সিদ্ধান্ত নিলেন। দীর্ঘ ২২ বছরের গৌরবোজ্জ্বল কর্মজীবনের ইতি টেনে ভারতীয় বায়ুসেনা থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান। যোগ দিয়েছেন একটি বেসরকারি আঞ্চলিক বিমান সংস্থায়।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হওয়ার পর ২০০৪ সালের ১৯ জুন ফাইটার পাইলট হিসেবে বায়ুসেনায় কমিশন পান তিনি। দীর্ঘ কর্মজীবনে সুখোই-৩০ এমকেআই এবং মিগ-২১ বাইসনের মতো যুদ্ধবিমান দক্ষতার সঙ্গে উড়িয়েছেন। পদোন্নতি পেয়ে ২০২১ সালে গ্রুপ ক্যাপ্টেন হন। তাঁর স্ত্রী তানভি মারওয়াহাও বায়ুসেনার অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি আকাশসীমা লঙ্ঘনকারী পাক এফ-১৬ বিমান ধ্বংস করে সাহসিকতার নজির গড়েন তিনি। পাল্টা হামলায় তাঁর বিমান ভেঙে পড়লে শত্রুসীমানায় বন্দি হন। কিন্তু পাক সেনার চরম জেরার মুখেও কোনও সামরিক তথ্য ফাঁস করেননি। প্রায় ৬০ ঘণ্টার নাটকীয় টানাপড়েনের পর সসম্মানে দেশে ফেরেন এবং পরবর্তীতে বীরচক্র সম্মানে ভূষিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker