India & World UpdatesHappeningsBreaking News
আগে বাজি পোড়ালে বিশুদ্ধ হতো পরিবেশ : ভাগবত
ওয়েটুবরাক, ১৪ নভেম্বর “অতীতের বাজি পরিবেশকে দূষিত করত না। বরং তখনকার বাজির ধোঁয়ায় কীটপতঙ্গের মৃত্যু হতো। পরিবেশ শুদ্ধ হতো।” দীপাবলিতে দূষণ নিয়ে বিতর্কের মধ্যে এই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
মহারাষ্ট্রের নাগপুরে মহেশ্বরী পঞ্চায়েত আয়োজিত দীপাবলি মিলন অনুষ্ঠানে ভাগবত বলেন, অতীতে যেসব উপাদান দিয়ে বাজি তৈরি হতো তাতে রাসায়নিক পদার্থ থাকত না। সেই সময়কার উপাদানগুলো ছিল প্রাকৃতিক ও নিরাপদ। সেসব বাজির ধোঁয়া কীটনাশকের কাজ করত। বিশেষ করে বর্ষার সময় ও ফসল কাটার মৌসুমে কীটপতঙ্গ ও মশামাছি তাড়িয়ে সেই বাজির ধোঁয়া বাতাস শুদ্ধ করত। সেই ধোঁয়ার কার্যকারিতা পরিবেশবান্ধব ছিল। ভাগবতের দাবি, দীপাবলিতে প্রদীপ জ্বালানোর পেছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। প্রদীপ জ্বালানো হয় তেল ও ঘি দিয়ে। তেল ও ঘি পুড়ে পুড়ে প্রদীপের প্রজ্বলিত শিখা পরিবেশে এক বিশুদ্ধ বাতাসের স্তর তৈরি করে। সেই বাতাস পরিবেশ ও শরীরের পক্ষে স্বাস্থ্যকর।
মোহন ভাগবত আরও বলেন, প্রাচীনকাল থেকে উৎসব পার্বণে এ ধরনের যেসব রীতি পালিত হয়ে আসছে তার পেছনে রয়েছে নির্ভেজাল বিজ্ঞান।

