India & World UpdatesHappeningsBreaking News
ঢাকায় বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত
ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া কনস্যুলার বা রাষ্ট্রীয় প্রতিনিধি পর্যায়ের সংলাপ স্থগিত করা হয়েছে। ১৭-১৮ নভেম্বর ঢাকায় এই সংলাপ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার ঢাকার কূটনৈতিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জানা গেছে, শেখ হাসিনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। জানা গিয়েছে, সাবেক প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে দু-দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় কনস্যুলার বা প্রতিনিধি পর্যায়ের সংলাপ স্থগিত করা হয়েছে।
২০১৭ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় দু দেশের মধ্যে এই সংলাপ চালু হয়েছিল। বিদেশ মন্ত্রকের মহা পরিচালক পর্যায়ের আধিকারিকেরা এই বৈঠকে নেতৃত্ব দেন। এবার চতুর্থ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে দেশের আটক ব্যক্তিদের ফেরানো, সীমান্ত হিংসা ও মাদক চোরাচালান বন্ধের মতো বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
শেখ হাসিনা চলতি সপ্তাহের গোড়ায় পাসপোর্ট ফেরত চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে আইনজীবী মারফত আবেদন করেছেন। ফেরত চেয়েছেন তাঁর জাতীয় নাগরিক পরিচয়পত্রও। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই নথি দুটি খারিজ করে দিয়েছিল।


