Barak UpdatesHappeningsBreaking News
বরাকে রক্তদান আন্দোলনের রজত জয়ন্তী, ১৩ মে শিলচরে শোভাযাত্রা-সেমিনার

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল: বরাকে সংগঠিত রক্তদান আন্দোলনের ২৫ বছর উপলক্ষে আগামী মাসে দুটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৩ মে সকাল ৮টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে বের হবে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। তাতে শিলচরে রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত সকলের যেমন উপস্থিত থাকার কথা রয়েছে, তেমনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও উপস্থিত থাকবেন।

সেদিনই বিকেল তিনটায় রাজীব ভবনে অনুষ্ঠিত হবে রক্তদান বিষয়ে সেমিনার। তাতে নির্ধারিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন থ্যালাসেমিয়া ও সিকল সেল সোসাইটি, হায়দরাবাদের সভাপতি চন্দ্রকান্ত আগরওয়াল।
এ ছাড়া, ১৯ মে ভাষাশহিদ দিবসে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম প্রতি বছরেই রক্তদান শিবিরের আয়োজন করে। ২৫ বছরের অনুষ্ঠান বলে এবার ওই কর্মসূচিকেও ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করছেন আয়োজকরা। সেদিন সকাল দশটায় শিলচরের আশীর্বাদ ভবনে সংগঠনের পতাকা উত্তোলন করে ভাষাশহিদদের উদ্দেশে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। বেলা এগারোটায় শুরু হবে রক্তদান শিবির। সন্ধ্যা সাড়ে ছয়টায় একই জায়গায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা পর্ব।
সবকটি কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করছে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম ।



