Barak UpdatesHappeningsBreaking News

শিলচর পুর নিগমের নির্বাচনে শিক্ষাগত যোগ্যতাই চর্চার কেন্দ্রবিন্দু

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর: শিলচর পুর নিগমের নির্বাচনের দিনক্ষণ যে দ্রুত ঘোষণা হতে চলেছে, তা শাসকদলের তৎপরতাতেই স্পষ্ট। চূড়ান্ত ভোটার তালিকা বেশ কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছে ‌। একে প্রথম পুর নিগমের নির্বাচন, এর ওপর বহু পঞ্চায়েত এলাকা এবার পুর প্রশাসনের আওতায় এসেছে। এ সব নিয়ে এখন আর কথা নেই। এই সময়ে চর্চার কেন্দ্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা। আইন প্রণীত হয়েছে যে, পুর নির্বাচনে প্রার্থী হতে গেলে সাধারণ শ্রেণীর নাগরিকদের স্নাতক হতে হবে। তফশিলি জাতি-জনজাতিদের জন্য অবশ্য ছাড় রয়েছে।

এই আইনের দরুন পুরনো কমিশনারদের বেশ কয়েকজন এবার আর প্রার্থী হতে পারছেন না। এমনকী, তাঁদের স্ত্রী বা পরিবারের কাউকেও দাঁড় করানোর অবকাশ নেই। এ ছাড়া, নতুন ভাবে যারা কর্পোরেটর বা কমিশনার হওয়ার স্বপ্নে নিজের ওয়ার্ডে জনসংযোগ রাখছিলেন, এই আইন তাদেরও গতিরোধ করে দিয়েছে।

অভিযোগ, প্রত্যাশা পূরণে এখন কেউ কেউ জাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করছেন। এ নিয়ে যেমন শাসকদল বিজেপির অন্দরে কান পাতলেই নানা নাম শোনা যাচ্ছে, তেমনি কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বললেও একই অভিযোগ উঠে আসছে।

মনোনয়নপত্র বাতিল বা মামলা-মোকদ্দমার মত পরিস্থিতি এড়াতে বিজেপি অবশ্য কড়া সতর্কতা অবলম্বন করেছে। এ ব্যাপারে অভিজ্ঞ শিক্ষাবিদদের নিয়ে গঠন করেছে স্ক্রিনিং কমিটি।

কংগ্রেসও শিক্ষাগত যোগ্যতার প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। উভয় দলই আগ্রহীদের কাছ থেকে আবেদন সংগ্রহ করছে। সেইসঙ্গে জমা দিতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker