NE UpdatesHappeningsBreaking News
নাগরিক অধিকার রক্ষায় গুরুত্ব দিতে উত্তরপূর্বের মুখ্যমন্ত্রীদের বললেন শাহ

ওয়েটুবরাক, ৫ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের আইন-শৃঙ্খলার পরিবর্তে নাগরিকদের অধিকার সুরক্ষায় বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ব্লকচেইন পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেন তিনি।
তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের আগরকাঠ, বৈদেশিক বাণিজ্য এবং স্বাস্থ্য পর্যটনের সম্ভাবনাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে হবে।
উত্তর পূর্ব পরিষদের ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন, উত্তর-পূর্বাঞ্চলে এখন আর জঙ্গি সমস্যা নেই। নরেন্দ্র মোদির আমলে পূর্বের সহিংসতার যুগের অবসান হয়েছে এবং এই অঞ্চল বিরোধ ও অস্থিরতার কেন্দ্র থেকে সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়েছে।
শিলংয়ে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেওয়ার পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, বর্তমানে উত্তর পূর্ব পরিষদ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সন্তোষ প্রকাশ করেন যে, উত্তর-পূর্বের সব মুখ্যমন্ত্রী এই অঞ্চলকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে একজোট রয়েছেন।
এই পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজক রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডোনার মন্ত্রী এবং উত্তর-পূর্বের সব রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের স্বাগত জানান। অধিবেশনে মুখ্যমন্ত্রীদের উচ্চপর্যায়ের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কৃষি, পর্যটন, পরিকাঠামো এবং ক্রীড়া-সহ উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ও উপস্থাপিত হয়।



