Barak UpdatesHappeningsBreaking News
জয় রাধে সেবা সমিতি ও দুর্গাবাড়ি ট্রাস্টের যৌথ উদ্যোগে রবিবার মালুগ্রামে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

ওয়েটুবরাক, ৩০ মে :মালুগ্রাম এলাকার দূষিত ও নিম্নমানের পানীয় জল সরবরাহজনিত কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ায় আগামী রবিবার এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিলচরের মালুগ্রাম ৯ নং ওয়ার্ডের আর্যপট্টি দুর্গাবাড়ি প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে।
জয় রাধে সেবা সমিতি এবং দুর্গাবাড়ি ট্রাস্ট, আর্যপট্টির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে সাধারণ রোগীদের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতির জন্য স্বাস্থ্য দপ্তরের নিকট আবেদন জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি জয়দীপ চক্রবর্তী জানান, কোভিড পরবর্তী সময় এবং বন্যা পরিস্থিতিতে শিলচরের বিভিন্ন এলাকা ও দুটি অনাথ আশ্রমে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একাধিক স্বাস্থ্য শিবির সফলভাবে পরিচালনা করেছে জয় রাধে সেবা সমিতি। এবারের শিবিরেও রোগীদের জন্য টোকেন ব্যবস্থা, সিরিয়াল রক্ষণাবেক্ষণ এবং শৃঙ্খলা বজায় রাখার সমস্ত দায়িত্ব সংগঠনের সদস্যরা গ্রহণ করবেন।
এলাকার সকল সাধারণ মানুষকে স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


