Barak UpdatesHappeningsBreaking News

হাইকোর্টের নির্দেশে পুনর্বিচারের পর বদলাল আগের রায়, সৈদপুরের পাঁচ সদস্য ভারতীয় নাগরিক

ওয়েটুবরাক, ১৭ নভেম্বর: কাটিগড়ার সৈদপুরের একই পরিবারের পাঁচ সদস্যকে ভারতীয় নাগরিক বলে রায় দিয়েছে শিলচরের চতুর্থ ফরেনার্স ট্রাইব্যুনাল। তবে পরিবারের কর্তা মোহনলাল দাসকে ‘স্ট্রিমলাইন বিদেশি’ হিসেবে ঘোষণা করেছেন ট্রাইব্যুনালের বিচারক রঞ্জন রায়।

এর আগে একই ট্রাইব্যুনাল পরিবারের সকল সদস্যকেই বিদেশি বলে ঘোষণা করেছিল। ওই রায়ের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে পুনরায় শুনানি ও নথিপত্র পরীক্ষা করার পর এবার তাঁদের মধ্যে পাঁচজনকে ভারতীয় নাগরিক বলে মত দিয়েছে ট্রাইব্যুনাল। তাঁরা হলেন মোহনলাল দাসের প্রয়াত স্ত্রী প্রমীলা দাস এবং তাঁদের চার সন্তান পুষ্পবালা দাস, সুমনবালা দাস, সুধন দাস ওরফে শ্রীধাম দাস এবং মধু দাস।

প্রথমবার মামলার শুনানির পর ট্রাইব্যুনাল পরিবারের সকল সদস্যকেই বিদেশি বলে ঘোষণা করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে। ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্ট মামলাগুলি পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনালে ফেরত পাঠায়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, পুনর্বিচারের সময় সংশ্লিষ্ট পক্ষের তরফে মূল নথিপত্র জমা দেওয়া হয়, সাক্ষ্য প্রদান করা হয় এবং নতুন করে শুনানি অনুষ্ঠিত হয়। এই শুনানিতে বিবাদীদের পক্ষে অংশগ্রহণ করেন আইনজীবী ধর্মানন্দ দেব ও দেবস্মিতা সোম।

মোহনলাল দাসের দাবি ছিল, তিনি ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর ভারতে এসেছিলেন। নিজের দাবির সমর্থনে তিনি ১৯৬৬ সালের ৪ ফেব্রুয়ারির একটি রিলিফ এলিজিবিলিটি সার্টিফিকেট, ১৯৬৭ সালের জমির দলিল এবং ১৯৭০ সাল থেকে বিভিন্ন সময়ের ভোটার তালিকা জমা দেন। তবে ট্রাইব্যুনাল রিলিফ এলিজিবিলিটি সার্টিফিকেটটি যথাযথভাবে প্রমাণিত বলে গ্রহণ করেনি। অন্যান্য নথি ও সাক্ষ্য পরীক্ষা করে ট্রাইব্যুনাল মনে করে, তিনি ১৯৬৬ সালের পর কিন্তু ১৯৭০ সালের আগে ভারতে এসেছিলেন। সেই কারণে তাঁকে ‘স্ট্রিমলাইন বিদেশি’ হিসেবে ঘোষণা করা হয়।

অন্যদিকে, মোহনলাল দাসের প্রয়াত স্ত্রী প্রমীলা দাসের ভারতীয় নাগরিকত্বের দাবির পক্ষে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেন তাঁর ভাই দিলীপ কুমার দাস। তিনি তাঁদের পিতা যামিনী কান্ত দাসের নাম থাকা ১৯৬৬ সালের ভোটার তালিকা এবং নিজের ভোটার পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথি জমা দেন। ট্রাইব্যুনাল দিলীপ কুমার দাসের সাক্ষ্যকে বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করে। নথি ও সাক্ষ্য পরীক্ষা করে ট্রাইব্যুনালের মত, যামিনী কান্ত দাস ১৯৬৬ সালের আগেই ভারতে এসেছিলেন। সেই সূত্রে প্রমীলা দাসের নাগরিকত্বের দাবিও গ্রহণ করা হয়। একই সঙ্গে তাঁদের চার সন্তান পুষ্পবালা দাস, সুমনবালা দাস, সুধন দাস ওরফে শ্রীধাম দাস এবং মধু দাসকেও ভারতীয় নাগরিক বলে মত দেয় ট্রাইব্যুনাল।

আইনজীবী ধর্মানন্দ দেব জানান, মোহনলাল দাস ‘স্ট্রিমলাইন বিদেশি’ হিসেবে ঘোষিত হওয়ায় আগামী ১০ বছর তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাঁর বর্তমান বয়স ৭০ বছরেরও বেশি। ফলে এই বয়সে এসে আরও ১০ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়টি তাঁর ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।

একই পরিবারের সকল সদস্যকে প্রথমে বিদেশি ঘোষণা করা হলেও হাইকোর্টের নির্দেশে পুনর্বিচারের পর পাঁচজনের ক্ষেত্রে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বদলেছে। মূল নথিপত্র জমা দেওয়া, সাক্ষ্য প্রদান এবং নতুন করে শুনানির পর এই সিদ্ধান্ত আসে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker