India & World UpdatesHappeningsBreaking News
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআরের আর্জি, তদন্তে আরও সময় চাইল দিল্লি পুলিশ

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে আদালতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিল দিল্লি পুলিশ। তবে অভিযোগগুলির তদন্ত সম্পূর্ণ করতে আদালতের কাছে আরও সময় চেয়েছে পুলিশ।
এক আইনজীবী ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএসএস)-এর ১৭৫(৩) ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানিয়ে সিইসি জ্ঞানেশ কুমার এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ চেয়েছিলেন। অভিযোগে ষড়যন্ত্র, প্রতারণা, ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া, সরকারি অর্থের অপব্যবহার এবং সরকারি কর্মচারীদের অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল।
ওই আইনজীবীর দাবি, গত ২৩ সেপ্টেম্বর সংসদ মার্গ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতে মুখ্য নির্বাচন কমিশনার-সহ কয়েকজন আধিকারিক ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভোটারদের বঞ্চিত করা, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি অর্থের অপব্যবহার এবং সরকারি কর্মচারীদের বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলা হয়।
একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে এই অভিযোগের তাৎক্ষণিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুই নির্বাচন কমিশনার ১০ মাসে অন্তত ১৪ বার এমন ছ’টি সিদ্ধান্ত ও নির্দেশের বিরোধিতা করেছিলেন, যেগুলি তাঁদের অজ্ঞাতসারে নেওয়া হয়েছিল।
আবেদনকারীর আরও অভিযোগ, আইন মেনে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ এবং একাধিক আবেদন জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এর ফলে অভিযুক্তরা তাঁদের কথিত বেআইনি কাজকর্ম চালিয়ে যাওয়ার আরও সুযোগ পেয়েছেন বলে আবেদনে দাবি করা হয়েছে।



