Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলা জুড়ে শান্তির ভোট

ওয়েটুবরাক, ৯ এপ্রিল: কাছাড়ে শান্তিতেই মিটল ভোট পর্ব। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হতেই পোলিং বুথগুলিতে দেখা গিয়েছে বেশ ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। অনেক বুথে সন্ধ্যা পাঁচটাতেও বহু ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোটকর্মীরা সেক্ষেত্রে নির্বাচনী বিধি অনুসারে বিকাল পাঁচটায় দাঁড়িয়ে থাকা শেষ ব্যক্তিকে ভোটদানের টোকেন দিয়ে লাইন বন্ধ করেন। ওই টোকেন প্রাপ্ত ভোটারদের ভোট নিতে গিয়ে অনেক জায়গায় রাত ৭টা পেরিয়েছে।
তবে বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। ফলে ভোট হয়েছে উৎসবের মেজাজে। কাছাড়ের ৭টি বিধানসভা আসনের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে শিলচরে। ৮০.৪৩ শতাংশ। সর্বাধিক ভোটদানের হার কাটিগড়ায়, ৮৭.৯১ শতাংশ।
শান্তিতে ভোট পার্বণ মিটে যাওয়ায় এখন শুধু কোন প্রার্থী কত ভোট পেতে পারেন, এই নিয়েই চলছে জল্পনা। বিজেপির দাবি, সাত আসনেই জিতে রেকর্ড গড়বে এনডিএ। কংগ্রেসও সব আসনে জয়ের ব্যাপারে আশাবাদী।
ছবি: শিলচরে ভোট দিলেন দেব-বাড়ির ভোটাররা।



