India & World UpdatesHappeningsBreaking News
এমন শাস্তি দেব, তারা ভাবতেও পারছে না, কড়া হুঁশিয়ারি মোদির

ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: পৃথিবীর শেষ প্রান্তে গেলেও ঠিক খুঁজে বের করব। পহেলগাঁওয়ে এই ঘৃণ্য গণহত্যা যারা ঘটিয়েছে, সেই সন্ত্রাসী ও ষড়যন্ত্রীদের কেমন সাজা হবে, সেটা তারা কল্পনাও করতে পারছে না।’ কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারের মধুবনীর সভা থেকে মোদি বললেন, ‘১৪০ কোটি মানুষের পক্ষ থেকে বলছি, একজন দোষীও ছাড় পাবে না।’
বিহারে আর কয়েক মাস পরই বিধানসভার ভোট। কানপুরের অনুষ্ঠান বাতিল করলেও মধুবনীতে বক্তৃতা করলেন মোদি। বিহারের পঞ্চায়েতি রাজ দিবসে ১৩ হাজার ৪৮০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি।সেখানেই তিনি বলেন, স্পষ্ট ভাষায় জানিয়ে রাখছি, ওই অপরাধী এবং তাদের পিছনে থাকা প্রকৃত চক্রান্তকারীদের ভারত চিহ্নিত করবে, খুঁজে বের করবে, শাস্তি দেবে। এমন শাস্তি দেব, তারা ভাবতেও পারছে না। সন্ত্রাস ভারতের আত্মাকে ধ্বংস করতে পারবে না। বিচার আমাদের চাই। গোটা দেশ এই শপথ নিয়েছে।’
একদিকে মোদি বিহার থেকে হুঁশিয়ারি দিয়েছেন, আর তারপরই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করতে চলে গিয়েছেন রাষ্ট্রপতি তথা ভারতের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ দ্রৌপদী মুর্মুর সঙ্গে।
বিকেলে দিল্লির সর্বদলীয় বৈঠকে প্রত্যেক দলের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, দেশের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় সরকার যে সিদ্ধান্ত নেবে, সকলে সঙ্গে আছে। এরপরই বায়ুসেনার সেন্ট্রাল কমান্ডে শুরু হয়ে গিয়েছে ‘আক্রমণ’ প্রস্তুতি। এই নামেই চলছে মহড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হচ্ছে রাফাল-সুখোই। নজর করার মতো বিষয় হল, অপারেশন বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছিল এই সেন্ট্রাল কমান্ডের গোয়ালিয়র থেকেই। তাই জল্পনা বাড়ছে। পাশাপাশি, দু’দিন ধরে রাজস্থান ও পাঞ্জাবে চপার থেকে দড়ি বেয়ে নামার মহড়া চালিয়েছে কমান্ডো বাহিনী। সাউথ ওয়েস্টার্ন কমান্ড একে বলছে হেলিবোর্ন অপারেশন।
বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকেই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। পাশাপাশি সরাসরি সামরিক জবাব দেওয়ার জন্য ভারত তৈরি হচ্ছে।
ভারতের কূটনৈতিক সিদ্ধান্তের পরদিন পাকিস্তানও একঝাঁক পাল্টা ব্যবস্থা নিয়েছে। সিমলা চুক্তি বাতিল করেছে তারা। অর্থাৎ সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি আর থাকছে না!



