Barak UpdatesHappeningsBreaking News
এনএসএস দিবসে মাছুঘাটে কাছাড় কলেজের স্বাস্থ্য শিবির ও বস্ত্রদান কর্মসূচি

ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর: এনএসএস দিবস উপলক্ষে কাছাড় কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে কলেজের দত্তকগ্রাম মাছুঘাটে এক স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরের সূচনা হয় আসামের গর্ব, প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও নীরবতা পালনের মধ্য দিয়ে।
স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হয় কাছাড় কমিউনিটি অ্যাকশন থ্রু মোটিভেশনাল প্রোগ্রাম–এর মোবাইল মেডিকেল ইউনিট পরিষেবার সহযোগিতায়। এদিন শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ড. শাহিন আখতার মজুমদার ও চক্ষু চিকিৎসক সমরজিৎ দেববর্মা। তাঁদের সহযোগিতায় ছিলেন ফার্মাসিস্ট সুহেল আহমেদ লস্কর এবং স্বাস্থ্যকর্মী ফেরদৌসি আখতার খানম লস্কর ও রুহিন আখতার মজুমদার। শিবিরে ১২০ জনেরও বেশি গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় । তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

স্বাস্থ্য সেবার পাশাপাশি কাছাড় কলেজের এনএসএস ইউনিট, এনসিসি ইউনিট, মহিলাকল্যাণ কক্ষ ও কলেজের সহশিক্ষা ও সম্প্রসারণ কার্যক্রম কক্ষের যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় ২০০ গ্রামবাসীর হাতে পৌঁছে দেওয়া হয় শাড়ি, শার্ট, শিশুদের পোশাক এবং শীতবস্ত্র। এদিন কলেজের শিক্ষকদের মধ্যে কিরীটি ভূষণ দে, সুদীপ কুমার দাস, অভিনয় পাল, নিতু দেবনাথ, কাজেন বসুমতারি, পার্থজিৎ ভাওয়াল ও দহুইদি তেরাং উপস্থিত ছিলেন। এছাড়া সুচেতা উইমেন্স সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পারমিতা দাস, পদ্মশ্রী চক্রবর্তী, পুষ্পলতা সিংহ, জর্জিনা খাখলারি, বিদিন্থা নারজারি, বহ্নিশিখা দেবরায়, নবরূপা ধর ও মৈত্রী মান্না।
এনএসএস প্রোগ্রাম অফিসার দীপ্যমান মোহান্ত গ্রাম পঞ্চায়েত সভাপতি পিংকি রানি দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা মিতালি দাস এবং অন্যান্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রামবাসীরা কাছাড় কলেজের এই বিশেষ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।



