India & World UpdatesHappeningsBreaking News
সোপিয়ানে সেনা-পুলিশের যৌথ অভিযান, খতম লস্কর কমান্ডার,
ওয়েটুবরাক, ৯ জুলাই: কাশ্মীরে সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। ভূস্বর্গে সেনা অভিযানে খতম লস্করের অন্যতম শীর্ষ কমান্ডার জাকির গানাই। গত পাঁচ দিন ধরে সোপিয়ান জেলার সাত গ্রামে চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। অবশেষে গোয়েন্দাদের হিট লিস্টে এ ডাবল প্লাস ক্যাটাগরিতে থাকা এই জঙ্গির মৃতদেহ বুধবার উদ্ধার করা হয়েছে।
গত ৩ জুলাই সোপিয়ানের এক ফলের বাগানে নিরাপত্তাবাহিনীর নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছিল দুই জঙ্গি জাকির ও লতিফকে। এরপরই সন্ত্রাসবাদীদের খোঁজে অভিযান শুরু করে যৌথবাহিনী। সংশ্লিষ্ট অঞ্চলের ৭টি গ্রাম ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। গোপন সূত্রে খবর পেয়ে এলাকার একটি ফলের বাগানে নিরাপত্তাবাহিনী যেতেই শুরু হয় গোলাগুলি। জঙ্গিদের পালানোর পথ বন্ধ করে সেনা। দীর্ঘক্ষণ সংঘর্ষের পর অবশেষে জাকিরের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার সঙ্গী লতিফকে ধরতে তল্লাশি অভিযান জারি রয়েছে।



