India & World UpdatesHappeningsBreaking News
রাষ্ট্রপতির ভোজসভায় অসমিয়া গামোছা পরতে চাননি রাহুল, বিতর্ক

ওয়েটুবরাক, ২৭ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে যে ভোজসভার আয়োজন করেছিলেন, ওই অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অসমিয়া গামোছা পরতে রাজি হননি বলে অভিযোগ করে রাজনৈতিক ঝড় তুলেছে। শাসকশক্তির বক্তব্য, অসমের ঐতিহ্যবাহী গামোছা পরতে অস্বীকার করেছেন রাহুল গান্ধী। যা করে তিনি উত্তর-পূর্ব ভারতের মানুষ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে অসম্মান করেছেন।
বিজেপির তথ্য ও প্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য এক্স দাবি করেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অ্যাট হোম রিসেপশন’ (At Home Reception)-এ নাকি দু’বার স্মরণ করানোর পরও রাহুল গান্ধী পাটকা পরতে রাজি হননি। মালব্য টুইট করেন, প্রধানমন্ত্রী (Prime Minister) থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের (EU) নেতা এবং বিদেশি কূটনীতিকরা সবাই সম্মান ও মর্যাদার প্রতীক হিসেবে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী পাটকা পরেছিলেন।
সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত এই ভোজসভার থিম ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী ও বিদেশি কূটনীতিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে ঐতিহ্যবাহী গামোছা পরতে দেখা যায়। গামোছাকে উত্তর পূর্বের প্রতি সম্মান ও সাংস্কৃতিক অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধীর গামোছা ফিরিয়ে দেওয়াকে মারাত্মকভাবে অসংবেদনশীল ও অপমানজনক বলে আখ্যায়িত করেন এবং নিঃশর্ত ক্ষমা দাবি করেন। এক্স-এ তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা — সবাই সম্মান ও গর্বের সঙ্গে গামোছা পরেছেন। একমাত্র গান্ধী আলাদা থেকেছেন, যা উত্তর-পূর্বের প্রতি অবজ্ঞার ধারণাকেই আরও জোরালো করেছে। শর্মা আরও দাবি করেন, এই ধরনের আচরণই ব্যাখ্যা করে কেন কংগ্রেস এই অঞ্চলের মানুষের আস্থা হারিয়েছে।
বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ঘটনাটিকে “লজ্জাজনক” বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, রাহুল গান্ধী উত্তর-পূর্বকে অপমান করেছেন ও রাষ্ট্রপতির প্রতি অসম্মান দেখিয়েছেন।
তবে বিজেপির অভিযোগ খারিজ করে কংগ্রেস প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের একই অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে, যেখানে তাঁকেও গামোছা ছাড়া দেখা যাচ্ছে। কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, তাঁকে নিয়ে কেন সমালোচনা করা হয় না?
কংগ্রেস মুখপাত্র পবন খেরা শর্মা বলেন, এই বিতর্ক ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে। মূল লক্ষ্য, সরকারের বিরুদ্ধে সৃষ্ট ক্ষোভ থেকে নজর ঘোরানো। এটা দেশ ও অসমের বাস্তব সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর আরেকটি চেষ্টা। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, রাষ্ট্রপতিকে রাজনৈতিক বিতর্কে টেনে আনা হচ্ছে। বিজেপিকে “এই অর্থহীন নাটক বন্ধ করতে” বলেন তিনি।
উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের সকালের কুচকাওয়াজে বিরোধী দলনেতা রাহুলকে দর্শকাসনের তৃতীয় সারিতে বসতে দেওয়া নিয়ে কংগ্রেস আওয়াজ তুলেছিল। এটা রাহুলের প্রতি চরম অপমান বলে বিজেপিকে তিরস্কার করেছিল কংগ্রেস। তারপর রাহুল রাষ্ট্রপতির ভোজসভার গামোছা না পরায় বিজেপি তাঁদের পাল্টা দিল।



