Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে মহর্ষি বিদ্যা মন্দিরে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম

ওয়েটুবরাক, ২ জুলাই: মহর্ষি বিদ্যামন্দির স্কুল শিলচরে অনুষ্ঠিত হলো তিনদিনের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম। মহর্ষি মহেশ যোগী-র প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে এটি ছিল কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অব টিচার্স ২০২৬ (ইন-হাউস)-র ২৫ ঘণ্টার এক আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম। গত ২৭ জুন এই কার্যক্রম শুরু হয়। চলে ৩০ জুন পর্যন্ত।
বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট রিসোর্স পার্সনগণ তাঁদের গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার মাধ্যমে কার্যক্রমটিকে সমৃদ্ধ করেন। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের ড. অজয় কুমার সিং; কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের ড. জয়দীপ বিশ্বাস; চক্ষু বিশেষজ্ঞ ডা. হৈমন্তী চৌধুরী; এনআইটি শিলচরের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সরোজ কুমার বিশ্বাস; এবং ভিকেভি-র অধ্যক্ষ বিজন সাহা।
আয়োজক প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষা সমিতা দত্ত এবং বিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক-শিক্ষিকাও রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন সেশনে মূল্যবান বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের চিরাচরিত পরম্পরা অনুসরণ করে, প্রশিক্ষণের প্রতিটি দিন শুরু হয় গুরুপূজনের মধ্য দিয়ে, এরপর দলবদ্ধভাবে অনুষ্ঠিত হয় ভাবাতীত ধ্যান ও টিএম-সিদ্ধি কার্যক্রম।
এই প্রশিক্ষণ শিক্ষকদের জন্য একাডেমিক সমৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং চেতনা-ভিত্তিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় সাধন করেছে, যা জ্ঞান, ঐতিহ্য ও সমষ্টিগত বিকাশের এক যাত্রা হিসেবে চিহ্নিত হয়েছে বলে আয়োজক এবং প্রশিক্ষণার্থীরা মন্তব্য করেন।



