Barak UpdatesHappeningsBreaking News
ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার ত্রাণ সামগ্রী বিতরণ

ওয়ে টু বরাক, ২৯ জুন : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার কর্মকর্তারা রবিবার শিলচর ইটখলাঘাট ও অন্নপূর্ণা ঘাটের আশপাশের অঞ্চলে অতি দুঃস্থ কয়েকটি পরিবারের মধ্যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করেন। এ দিনের অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী জানান, মানুষের কল্যাণে পরিষদের দক্ষিণ শিলচর শাখা সবসময় কাজ করে আসছে। আজকের অনুষ্ঠান সেরকমই এক নিদর্শন।
পরিষদের কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী জানান, ত্রাণ বিতরণের উদ্দেশ্যে মশারি, কম্বল, গামছা, ব্লিচিং পাউডার, বালতি, মগ, থালা ইত্যাদি সামগ্রী ক্রয় করা হয়েছে। এইধরনের সেবামূলক কাজের জন্য ভারত বিকাশ পরিষদের আসাম প্রান্তের সাহায্য ও সহযোগিতার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
দক্ষিণ শিলচর শাখার সেবা প্রমুখ অধ্যাপক দেবতোষ চক্রবর্তী জানান, শাখা বিভিন্নভাবে সমাজের উন্নয়নে কাজ করে থাকে। আসাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের কিছু অঞ্চলেও প্রয়োজনের ভিত্তিতে আরও কিছু সামগ্রী অতি শীঘ্র বিতরণ করা হবে।
এদিনের অনুষ্ঠানকে পর্যবেক্ষণ করার জন্য পরিষদের উত্তর পূর্বাঞ্চল স্তরের কর্মকর্তা ডাঃ দর্শনা পাটোয়া উপস্থিত ছিলেন। উপস্থিত জনগণের সামনে পরিষদের দক্ষিণ শিলচর শাখার সেবামূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং এইধরনের আরও কাজ গ্রামাঞ্চলে করার ওপর গুরুত্ব আরোপ করেন।
দক্ষিণ শিলচর শাখার সম্পাদক শংকর সরকার বলেন, ফিল্ড সার্ভে করে সাম্প্রতিক বন্যায় ইটখলাঘাট ও অন্নপূর্ণাঘাটের আশপাশের অঞ্চলের বিপর্যস্ত পরিবারগুলোকে শনাক্ত করা হয়। অন্যান্য অঞ্চলেও প্রয়োজনীয় সামগ্রী বণ্টন করার জন্য অনুরূপ ফিল্ড সার্ভে করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে পরিষদের ড. বিশ্বরঞ্জন রায়, সিদ্ধার্থ শংকর চক্রবর্তী, ড. রঞ্জনা ধর ও অপর্ণা সরকার ত্রাণ সামগ্রী বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেন।


