Barak UpdatesHappeningsBreaking News
কবীন্দ্র প্রয়াণে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির শোকসভা

ওয়েটুবরাক, ১১ জানুয়ারি: প্রয়াত জননেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি শোক ব্যক্ত করে শনিবার এক শোকসভার আয়োজন করে। বরাকের সার্বিক বিকাশ ও উন্নয়ন ছাড়াও ভাষাশহিদ স্টেশন নামকরণ আন্দোলনে প্রয়াত জননেতার সক্রিয় ভূমিকার কথা সভায় শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।
কবীন্দ্র পুরকায়স্থ তাঁর সাংসদ থাকার সময়কালে ১৪ বার ‘ভাষাশহিদ স্টেশন, শিলচর’-র দাবি সংসদে উত্থাপন করেছিলেন। এবং পরবর্তী সময়েও তিঁনি বারে বারে এই বিষয়ে সোচ্চার হয়েছেন। বিভিন্ন মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে দরবার করেছেন। ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ এর দাবির সপক্ষে তিনি মানব-শৃঙ্খল, মিছিল সহ নানা কর্মসূচিতে রাস্তায় নেমেছিলেন।
তাঁকে যে এই বছরেই ‘উনিশের পদক’ দিয়ে সম্মানিত করে সে কথা উল্লেখ করে সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রাজীব কর বলেন, তা করে আসলে সমিতিই ঋদ্ধ হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’-র প্রয়োজনীয় গেজেট নোটিফিকেশন করে কবীন্দ্র পুরকায়স্থকে যথাযথ সম্মান প্রদর্শন করুক।
রবিবার সন্ধ্যায় সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধিদল এক শোকবার্তা তাঁদের নতুনপট্টিস্থিত বাসগৃহে গিয়ে পুত্র তথা রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ’র হাতে তুলে দেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বাবুল হোড়, সহ-সভাপতি নীহার রঞ্জন পাল, সাধারণ সম্পাদক রাজীব কর, কোষাধ্যক্ষ বিমল রায় ও সম্পাদকমন্ডলীর সদস্য সুমন দেব।


