Barak UpdatesHappeningsBreaking News
“নিজের কথা ভাবছি না”, অসম ও পশ্চিমবঙ্গের জয়ে উৎফুল্ল কৌশিক
ওয়েটুবরাক, ৪ মে : তিনি প্রথম রাউন্ড থেকে এগিয়ে গিয়েছেন। প্রতি রাউন্ড থেকেই নিজের ব্যবধান বাড়িয়েছেন। অন্যদিকে, রাজ্যে বিজেপি একশো আসন পেতে চলেছে, পশ্চিমবঙ্গে তাঁরা দুইশো আসন পেতে চলেছেন, এই অবস্থায় মন্ত্রী কৌশিক রাই জানান, নিজের জেতার চেয়ে বেশি আনন্দ হচ্ছে অসম ও পশ্চিমবঙ্গে দলের বিপুল জয়লাভ। দলের ভোট-পরবর্তী পর্যালোচনার তালিকা দেখিয়ে তিনি বলেন, কংগ্রেস ২৪০০০ এবং নোটা ২০০০ ভোট পাবে বলে তাঁরা হিসাব করেছিলেন। ফলাফল বলতে গেলে একেবারে সেটাই হয়েছে। তাই এই ফল নিয়ে তাঁর মধ্যে কোনও উত্তেজনা নেই, তবে অসম ও পশ্চিমবঙ্গে দল কত আসন পায়, এ নিয়ে বেশ উৎকণ্ঠায় ছিলেন। তবে দিনের শেষে অসমে সেঞ্চুরি ও পশ্চিমবঙ্গে ডাবল সেঞ্চুরি করায় তিনি বেশ উত্তেজনা বোধ করছেন বলে মন্তব্য করেন।
লক্ষীপুর আসনে ১৪ রাউন্ডের পর বিজেপি প্রার্থী কৌশিক রাই পেয়েছেন ১,০৬,৭০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শান্তি কুমার সিংহ পান ২৪,০৪৮ ভোট। এখানে তৃতীয় কোনও প্রতিদ্বন্দ্বী ছিলেন না। নোটায় পড়েছে ২২৬৬ ভোট।



