India & World UpdatesHappeningsBreaking News
ভারতের হুমকিতে লস্কর প্রধান হাফিজের নিরাপত্তা বাড়াল পাকিস্তান

১ মে : পহেলগাঁও হামলার আবহে লস্কর-ই-তৈবার প্রধান হাফিiজ সইদের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হল। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তান এই পদক্ষেপ করেছে বলে জানা গেছে। এখন সে দেশের সরকার ও আইএসআই যৌথভাবে হাফিজ সইদের নিরাপত্তার দিকে নজর দিয়েছে। লাহোরের জনবহুল মহল্লা জোহর এলাকায় বাড়ি হাফিজের। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাফিজের বাড়ি যেখানে, তার আশপাশ এলাকায় প্রচুর সাধারণ মানুষও থাকেন। এলাকায় বেশ কয়েকটি মসজিদ ও মাদ্রাসাও রয়েছে। সেই এলাকাটিই ২৪x৭ ঘণ্টা নজরদারি রেখেছে পাক সশস্ত্র বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, ২২ এপ্রিলের পর থেকেই এই নিরাপত্তা কঠোর করা হয়েছে। এই এলাকায় যেমন সিসিটিভি নজরদারি রাখা হয়েছে, তেমনি প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমেও বাড়তি নজরদারি চলছে। ৪ কিলোমিটার ব্যাসার্ধের এলাকাজুড়ে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম রয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল এই হাফিজ। এছাড়া কাশ্মীরে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে অশান্তি ছড়ানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারত ও আমেরিকা দুই দেশেরই ওয়ান্টেড তালিকায় রয়েছে ৭৭ বছর বয়সী হাফিজ সইদ। কিন্তু এরপরও পাকিস্থানের মাটিতে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই জঙ্গিনেতা।


