NE UpdatesHappeningsBreaking News
আগরতলা-করিমগঞ্জ ডেমু ট্রেনে অতিরিক্ত কামরার দাবিতে রেল অবরোধ, পরে প্রত্যাহার

ওয়েটুবরাক, ১৫ জুন: আগরতলা-করিমগঞ্জ ডেমু ট্রেনে প্রচুর যাত্রী ওঠারই সুযোগ পান না। পা রাখার মতো জায়গা থাকে না ভেতরে। আগরতলা স্টেশন থেকেই অনেককে ব্যর্থ হয়ে ফিরতে হয়। পরবর্তী স্টেশনগুলোতে অফিসযাত্রী কি সাধারণ যাত্রী, কারও পক্ষে ওই ট্রেনে ওঠার উপায় থাকে না।
এ নিয়ে গত কিছুদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল। আজ সোমবার পাঁচ কামরার ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে যোগেন্দ্রনগর হয়ে জিরানিয়া স্টেশনে দাঁড়ালে কেউ কোনও কামরায় উঠতে পারছিলেন না। ক্ষিপ্ত যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে নেমে ট্র্যাকে দাঁড়িয়ে পড়েন। কামরা বাড়ানোর দাবিতে জোরালো আওয়াজ তোলেন। পরে স্থানীয় প্রশাসন ও রেল অফিসাররা গিয়ে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে আড়াইঘন্টা পর ট্রেনটি ফের চলতে শুরু করে।
শেষে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে বিকেল ৩টা ৫ মিনিটে ট্রেন গন্তব্যে পৌঁছায়।


