India & World UpdatesHappenings
পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির ভুয়ো চিঠি !
ওয়েটুবরাক এপ্রিল ২৯: বুধবার বাংলায় অনুষ্ঠিত হল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ঠিক সেই দিনই কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশ বলে একটি চিঠি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ওই পোস্টটিতে দাবি করা হয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নাকি ২৯ এপ্রিল থেকে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি সাড়ে ১২ টাকা বাড়াচ্ছে। এবার সেই ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল পিআইবির এর ফ্যাক্ট চেক টিম।
সরকারি সংস্থাটি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে যে পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এ নিয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এদিকে বিজেপির দাবি, নির্বাচনী আবহে ভোটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করার জন্য এবং সরকারের ভাবমূর্তিতে আঘাত হানার লক্ষ্যেই এই ধরনের পোস্ট করছেন কিছু অসাধু ব্যক্তি। মানুষ যাতে আতঙ্কিত হয়ে পড়েন সেজন্যেই এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে অবাস্তব খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের তরফের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা এখন তাদের নেই।


