Barak UpdatesHappeningsBreaking News

নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বিকাশে পাঁচদিনের কর্মশালা শুরু বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ১৭ জুন : নেতৃত্ব, ব্যবস্থাপনা ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নের ওপর পাঁচদিনের এক প্রশিক্ষণ কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে। এ দিন সকালে প্রেমেন্দ্রমোহন গোস্বামী স্মৃতি সভাকক্ষে প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, প্রাক্তন নিবন্ধক সৌরী সেনগুপ্ত, কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের ডিরেক্টর জয়ন্ত ভট্টাচার্য, ফিনান্স অফিসার ড. শুভদীপ ধর, যুব সংসদের আশুতোষ জি, আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক দেবমাল্য ঘোষ প্রমুখ।

স্বাগত বক্তব্যের পাশাপাশি এই কর্মশালা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন আহ্বায়ক তথা সহকারী নিবন্ধক ড. পুলক ধর। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের মধ্যে নেতৃত্ব ও পরিচালন দক্ষতা বিকাশের লক্ষ্যেই মূলত এই কর্মসূচি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্থ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। পরিচালন ব্যবস্থাপনায়ও আধুনিকতা এসেছে। তাই নতুনকে রপ্ত করতে এধরনের কর্মশালা অত্যন্ত জরুরি। তিনি এই কর্মশালা আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

নিবন্ধক ড. নাথ প্রযুক্তির সঙ্গে কাজের কৌশল ও ব্যবহারিক প্রয়োগের ওপর আলোকপাত করেন। প্রসঙ্গক্রমে ড. নাথ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের উদ্যমেরও উচ্চ প্রশংসা করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন নিবন্ধক সেনগুপ্ত, সিডিসি ডিরেক্টর ভট্টাচার্য, ফিনান্স অফিসার ড. ধর প্রমুখ।

প্রসঙ্গত, পাঁচদিনের এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয় ও এনআইটির বিশেষজ্ঞ ছাড়াও আইএসটিএম সহ ডিওপিটির পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। কর্মশালা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। এতে শিলচর ও ডিফু ক্যাম্পাস মিলিয়ে মোট ৩০ জন আধিকারিক অংশ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker