NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

২৮ অক্টোবর থেকে আগরতলা হয়ে শিলচর-বেঙ্গালুরু বিমান চালাবে ইন্ডিগো

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর: ফের আগরতলা ও শিলচরের মধ্যে বিমান পরিষেবা শুরু হচ্ছে। আগামী ২৮ অক্টোবর থেকে ১৮০ আসনের এয়ারবাস চালাবে ইন্ডিগো। সেজন্য টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।

প্রতি সপ্তাহে মঙ্গল ও শুক্রবার বিমানটি বেঙ্গালুরু থেকে আগরতলা হয়ে শিলচরে যাবে। আবার একই ভাবে শিলচর থেকে আগরতলা হয়ে বেঙ্গালুরু। আগরতলা থেকে বিমানটি বেলা ১টা ৪০ মিনিটে শিলচরের উদ্দেশে রওয়ানা হবে। পৌঁছাবে ২টা ১৫ মিনিটে। সেখানে আধঘণ্টা অবস্থানের পরে ২টা ৪৫ মিনিটে আগরতলার উদ্দেশে উড়বে। ৫৫ মিনিটের এই যাত্রার পরে বিমানটি আগরতলা থেকে যাত্রী নিয়ে বেঙ্গালুরু ফিরে যাবে।

নব্বইয়ের দশকে শেষবারের মতো বিমান চলাচল করে আগরতলা ও শিলচরের মধ্যে। তিন দশক পর আবার তা চালু হতে চলায় ত্রিপুরা ও বরাক উপত্যকার মানুষ সন্তোষ ব্যক্ত করছেন।

তবে এই রুটের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু রয়েছে, এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন। কারণ শিলচর ও আগরতলার মধ্যে প্রতিদিন ট্রেন চলাচল করছে। প্যাসেঞ্জার ট্রেনে ৮ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো যায়। সপ্তাহে সোম, বুধ, শুক্রবার আগরতলা ও অরুণাচল স্টেশনের মধ্যে চলে জনশতাব্দী এক্সপ্রেস। সময় নেয় মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা। আর একটু এগিয়ে বদরপুরে এলে আগরতলায় পৌঁছনোর জন্য রয়েছে আরও বহু দ্রুতগতির ট্রেন। সবকটিতেই আছে এসি কোচ। ফলে শ্রীভূমি ও হাইলাকান্দির যাত্রীদের আগরতলায় যাওয়া-আসার জন্য বিমানের চেয়ে ট্রেন চড়াই বেশি লাভজনক। অর্থ তো বটেই, সময়েরও সাশ্রয় হবে। কারণ ইন্ডিগোর সেই বিমানে যেতে হলে তাকে অনেকটা পথ পেরিয়ে নিজ শহর থেকে শিলচরের বিমানবন্দরে যেতে হবে। সেখানে বিমান ছাড়ার অন্তত একঘণ্টা আগে ঢুকে পড়তে হবে। ৫৫ মিনিট আকাশে কাটিয়ে ফের লাগেজ সংগ্রহ, গাড়ি ধরো ইত্যাদি সেরে বিমানবন্দর থেকে বেরনো —- সব মিলিয়ে কম সময়ের ব্যাপার নয়। তবে ভায়া আগরতলা হলেও শিলচর ও বেঙ্গালুরুর মধ্যে বিমান পরিষেবা মিলবে, এটাই প্রাপ্তি। ওই মহলের বক্তব্য, সপ্তাহে দুদিন বেঙ্গালুরুকে যুক্ত করে আগরতলা-শিলচর-আগরতলা বিমান দিয়েছে, চলতে থাকুক, তবে শিলচর থেকে আরও বিমান চেন্নাই, মুম্বাই, কলকাতা ও গুয়াহাটির মধ্যে চালানো হোক। তাহলে মানুষ অনেক বেশি উপকৃত হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker