Barak Updates

শনি ও রবিবার পরপর দুদিন বঙ্গভবনে এ মাসের নাটক 

ওয়েটুবরাক, ২২ মে : একে কবিপক্ষ, সেইসঙ্গে উনিশের মাস বলে কথা! তাই এবার ‘বঙ্গভবনে এ মাসের নাটক’ হবে পরপর দুইদিন। আগামী শনিবার শিলচর বঙ্গভবনে মঞ্চস্থ হতে চলেছে ভাবীকাল থিয়েটার গ্রুপের নতুন প্রযোজনা “বন্ধ দুয়ার খোলো”। রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ নাটক অবলম্বনে এই নাট্য তৈরি হয়েছে। রবিবার নাটক করবে থিয়েটার ওয়ার্কশপ, বদরপুর। তাঁদের প্রযোজনা ‘আইডেন্টিটি’ ।

 ‘অচলায়তন’ নাটকে রবীন্দ্রনাথ সমালোচনা করেছেন অন্ধ অভ্যাসের জড়তা ও আচার সর্বস্বতাকে। তেরো বছর আগে, একটি শিশু নাট্য কর্মশালার প্রযোজনা হিসাবে ভাবীকালের ‘অচলায়তন’ বেশ সাড়া জাগিয়েছিল। এক যুগ পরে এসে এই নাটকে ভাবীকালের নবীন ও প্রবীণ অভিনেতারা মিলেমিশে নতুন রূপ দিয়েছেন। অভিনবত্ব থাকছে মঞ্চসজ্জায় এবং আলোর কারিগরিতেও। একঝাঁক নবীন কলাকুশলীদের নিয়ে আজকের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের নাটকের বার্তাটিকে কীভাবে নতুন প্রযোজনাটি প্রাসঙ্গিক করে তুলবে, সেটাই দেখার। এ নিয়ে নাট্য অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। ভাবীকাল থিয়েটার গ্রুপের পক্ষ থেকে ২৩ শে মে সন্ধ্যা ছয়টায় নাটকটি উপভোগ করবার জন্য দর্শকদের আহ্বান জানানো হয়েছে।

কবি পক্ষে ভাবীকালের এই নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ অবলম্বনে তৈরি হলেও এটি স্বতন্ত্র একটি প্রয়াস। তাতে প্রায় ২২ জন অভিনয় করছেন। মঞ্চসজ্জা এবং আলোয় সহযোগিতা করছেন কলকাতা সাইন থিয়েটারের শুভদীপ ব্যানার্জি।

থিয়েটার ওয়ার্কশপ, বদরপুর মহান নাট্যব্যক্তিত্ব ব্রেখট বা মায়াকোভক্সিকে উদ্ধৃত করে জানিয়েছে, দর্শকদের কাছে পৌঁছানোর জন্য দরকারমত নাট্যক্রিয়াকে পাল্টাতে হয়। আমরা প্রতিমুহূর্তে ভাঙছি আর গড়ছি, যা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু সত্য। এই সত্যের সামনে দাঁড়িয়ে রচিত হয়েছে “আইডেন্টিটি “। ভরত মুনির নাট্য শাস্ত্রে উল্লেখিত মাটি, বায়ু, আকাশ, অগ্নি, জল এবং নব রসের ব্যবহার ক্ষণিকের জন্য হলেও করার চেষ্টা হয়েছে নাটকটিতে। প্রসেনিয়ামের বাঁধন ডিঙিয়ে দর্শকদের কাছে পৌঁছানো আর প্রথাগত নাটক ক্রিয়াকে ভেঙে আঙ্গিক ক্রিয়াকে ভাঙাগড়ার মাধ্যমে উপস্থাপন করার চ্যালেঞ্জ নিয়েছে থিয়েটার ওয়ার্কশপ, বদরপুর।

আগামী শনি ও রবিবার নাটক দুটি দেখতে বঙ্গভবনে আসার আহ্বান জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের কাছাড় জেলা সমিতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker