India & World UpdatesHappeningsBreaking News
প্রথম করসেবক কামেশ্বর চৌপাল প্রয়াত

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টি কামেশ্বর চৌপাল প্রয়াত। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে ৬৮ বছর বয়সে দিল্লির গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চৌপাল।
কামেশ্বর চৌপালকে ‘প্রথম করসেবক’ হিসেবে গণ্য করা হত। ১৯৮৯ সালে তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেছিলেন। তিনি বিহারের প্রাক্তন এমএলসি।
১৯৫৬ সালের ২৪ এপ্রিল কামেশ্বর চৌপাল বিহারের সুপৌল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী ছিলেন এবং তিনি বিশ্ব হিন্দু পরিষদ, বনবাসী কল্যাণ কেন্দ্র, আরএসএস এবং এবিভিপি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
প্রবীণ বিজেপি নেতা এবং রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি কামেশ্বর চৌপালের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, চৌপালের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি একজন একনিষ্ঠ রাম ভক্ত ছিলেন। তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণে মূল্যবান অবদান রেখেছিলেন। সমাজের বঞ্চিত সম্প্রদায়ের কল্যাণে তাঁর কাজের জন্য দলিত পটভূমি থেকে আসা কামেশ্বর চৌপালকেকে সর্বদা স্মরণ করা হবে।
নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ”শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের স্থায়ী সদস্য এবং বিজেপির সিনিয়র নেতা কামেশ্বর চৌপালজি’র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। শ্রীরাম জন্মভূমি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সামাজিক কাজ ও বঞ্চিতদের কল্যাণের জন্য বিশেষ কাজ করেছিলেন কামেশ্বর চৌপাল। প্রভু শ্রীরাম তাঁর আত্মাকে শ্রীচরণে স্থান দিন এবং তাঁর শোকগ্রস্ত পরিজনদের মানসিক শক্তি প্রদান করুন।”



