Barak UpdatesHappenings
নিরাময়ের ‘নিউজ রুম টু নির্বাণ’এর আগস্ট সেশন, ধ্যান সে জ্ঞান কর্মশালার প্রশিক্ষার্থীদের সার্টিফিকেট

ওয়ে টু বরাক, ৩০ আগস্ট : শিলচর নিরাময়ের “নিউজ রুম টু নির্বাণ” শীর্ষক বিশেষ যৌগিক ওয়েলনেস প্রোগ্রামের আগস্ট মাসের সেশন আয়োজিত হল ৩০ আগস্ট, রবিবার। নিরাময় -স্কুল অব যোগ এডুকেশনের আগের ঘোষণা মতোই হয় অনুষ্ঠান। এতে বিভিন্ন মিডিয়া হাউসের সংবাদ কর্মীরা অংশ নেন। শিলচর অম্বিকাপট্টির সরস্বতী স্মারক সমিতির প্রেক্ষাগৃহে কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৮ টায়। পরিচালনা করেন নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর ডিরেক্টর শতাক্ষী ভট্টাচার্য ও যোগাচার্য রাহুল।
যোগ প্রক্রিয়ার মাধ্যমে সংবাদ কর্মীরা যাতে তাঁদের শরীর ও মনকে সুস্থ রাখতে পারেন, এ কথা মাথায় রেখেই এমন উদ্যোগ। নিরামযের চেয়ারম্যান শেখর চক্রবর্তী জানান, সংবাদ কর্মীরা নিজেদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার তাগিদে রাত-দিন পরিশ্রম করেন। পরিষেবা দিয়ে যান। আর এমন সার্ভিসের জন্য তাঁদের সুস্থ-সবল থাকাটাও জরুরি। এই ভাবনাকে সামনে রেখেই সংবাদ কর্মীদের সুস্বাস্থ্যের জন্য এমন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অঙ্গ অনুযায়ী মাসে কমেও একটি প্রোগ্রাম করবে নিরাময়।
এ দিন যোগ অনুশীলন পর্বের পর ঘরোয়া আয়োজনে গানে-কবিতায় স্মরণ করা হয় কবি নজরুল ইসলামকে। এতে অষ্টম শ্রেণির শতশ্রী ভট্টাচার্য গান শুনিয়ে মন জয় করে নেয় সবার। তাছাড়া, নীলাক্ষ চৌধুরীর কণ্ঠে গান শোনেন সবাই। আবৃত্তি করেন অনির্বাণ জ্যোতিগুপ্ত। ছোট্ট পরিসরে হলেও বিদ্রোহী কবির প্রয়াণ বার্ষিকী উপলক্ষে এই পর্বটি ছিল মনমুগ্ধকর।
অন্যদিকে এ দিনের যোগ সেশন শেষে নিরাময়ের “ধ্যান সে জ্ঞান” কর্মশালায় অংশ নেওয়া ২০ জন প্রশিক্ষার্থীকে সার্টিফিকেট বিতরণ করা হয়। সার্টিফিকেট তুলে দেন যুগশঙ্খের ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, বার্তালিপির নিউজ এডিটর দেবাশিস পুরকায়স্থ, সিনির সাংবাদিক অনির্বাণ জ্যোতিগুপ্ত, পাপলু দাস, আঁখি দাস, ধ্রুবজ্যোতি মজুমদার ও শতাক্ষী ভট্টাচার্য প্রমুখ । প্রসঙ্গত,”নিউজ রুম টু নির্বাণ”এর যৌথ ব্যবস্থাপনায় ছিল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন ও ইনস্টিটিউট ফর যোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড হলিস্টিক সায়েন্সেস।

