Barak UpdatesHappeningsBreaking News
গোয়ালা কেন? উধারবন্দের ১১ দাবিদার দেখা করলেন পরিমল-রাজদীপ-রূপমের সঙ্গে
ওয়েটুবরাক, ৩০ ডিসেম্বর: এতদিন তাঁরা একে অপরের বিরোধিতা করেই দিন কাটাচ্ছিলেন। সবাই বলছিলেন, উধারবন্দ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনিই যোগ্য প্রার্থী। একে অপরের ছিদ্রান্বেষণে ভালোই সময় কাটছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর গত শিলচর সফরে রাজদীপ গোয়ালাকে বিশেষ গুরুত্ব আরোপ করে পুরো চিত্র বদলে দিয়েছেন। এতদিন লক্ষীপুর আসনের জন্য গোঁ ধরে বসে থাকলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজদীপ উধারবন্দেই জনসংযোগ শুরু করেন। মঙ্গলবার তিনি লক্ষীপুরের আশা ছেড়ে উধারবন্দেরই জন্য বায়োডাটা জমা করলেন।
উধারবন্দ আসনে বিজেপির টিকিট চেয়েছেন মোট ১৫ জন। উধারবন্দবাসী এবং প্রাক্তন বিজেপি হিসেবে টিকিটের দাবিদার রয়েছেন ১১জন। এ ছাড়াও টিকিট চেয়ে আবেদন করেছেন নীলাভ মৃদুল মজুমদার, মঞ্জুল দেব। মিহির কান্তি সোম উধারবন্দ নিবাসী ও পুরনো বিজেপির শর্ত পূরণ করলেও বর্তমান বিধায়ক বলে ১১ জনের জোটে নিজেকে সামিল করেননি।
১১ দাবিদার আজ যে তিন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন, তিনজনই তাঁদের দাবিতে সহমত প্রকাশ করেন বলে তারা জানিয়েছেন। কিন্তু ডা. রাজদীপ রায়, পরিমল শুক্লবৈদ্য এবং রূপম সাহার মধ্যে কেউ কি মুখ্যমন্ত্রীর পছন্দের নেতা রাজদীপ গোয়ালার বিরোধিতায় সক্রিয় হবেন, এ এক কঠিন প্রশ্ন।
প্রসঙ্গত, ১১ জনের দলে রয়েছেন প্রসেনজিৎ ভট্টাচার্য, বাসুদেব শর্মা, নবারুণ ভট্টাচার্য প্রমুখ।



