Barak UpdatesHappeningsBreaking News

জাতীয় মঞ্চে উজ্জ্বল অসমের আরবিএসকে: কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের প্রশংসা

ওয়েটুবরাক, ২৩ নভেম্বর: শিশুস্বাস্থ্য সুরক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরে জাতীয় স্তরে অসমের সুনাম বৃদ্ধি করল অসমের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (আরবিএসকে) দল। গত ১৪ থেকে ২১ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ২০২৬-এ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের হেলথ প্যাভিলিয়নে অংশগ্রহণ করে অসমের এই দল। এবারের মেলার মূল ভাবনা ছিল— “যুবা ভারত, স্বস্থ ভারত”।

আরবিএসকে-এর স্টেট কনসালট্যান্ট ড০ আনন্দ শর্মার নেতৃত্বে দলে ছিলেন ডাঃ প্রজ্বলিকা শর্মা, মেডিক্যাল অফিসার (আয়ুর্বেদ); ডাঃ. মৃগাঙ্ক শেখর ঘোষ, মেডিক্যাল অফিসার (ডেন্টাল সার্জন); দীপজ্যোতি ছেত্রী, ফার্মাসিস্ট এবং করুণিমা দেবী, এএনএম নার্স।

এই কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের আরবিএসকে স্টল (স্টল নং ১২) পরিদর্শন। অসমের দল তাঁকে রাজ্যের শিশু স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করে এবং সরাসরি স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কর্মসূচির কার্যক্রম তুলে ধরে।

দলের প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তাঁদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এছাড়াও আরবিএসকে-এর ডেপুটি কমিশনার ড০ শোভনা গুপ্ত, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব তথা কোকরাঝাড় ও নলবাড়ির প্রাক্তন জেলাশাসক বর্নালী ডেকা এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর আরাধনা পট্টনায়েক, আরবিএসকে স্টল পরিদর্শন করেন।

মেলা চলাকালীন অসমের দল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ আগত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে। পাশাপাশি শিশুদের রোগের প্রাথমিক শনাক্তকরণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

দলের মেডিক্যাল অফিসার (ডেন্টাল সার্জন) ডাঃ মৃগাঙ্ক শেখর ঘোষ শিশু ও অভিভাবকদের জন্য বিশেষ মৌখিক ও দন্তস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন। সঠিকভাবে দাঁত ব্রাশ করার পদ্ধতি, উপযুক্ত টুথব্রাশ নির্বাচন, ফনস পদ্ধতি এবং প্রতিদিন দু’বার অন্তত দুই মিনিট দাঁত ব্রাশ করার গুরুত্ব হাতে-কলমে শেখানো হয়। এছাড়াও শিশুদের স্পিচ এক্সারসাইজ এবং ওরাল ও ডেন্টাল ফিজিওথেরাপির বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। শিশু ও অভিভাবকরা এই ইন্টারঅ্যাকটিভ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নাট্য পরিবেশনার মাধ্যমেও আরবিএসকে-এর কার্যক্রম তুলে ধরা হয়। শিশুদের রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার গুরুত্ব নিয়ে নাটক পরিবেশনের পাশাপাশি টাইপ-১ ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে বিশেষ সচেতনতামূলক নাটক উপস্থাপন করা হয়।

মেলায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায়ও সাফল্য অর্জন করেন ডা. মৃগাঙ্ক শেখর ঘোষ। আয়কর বিভাগ আয়োজিত কুইজ প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন এবং পুরস্কার হিসেবে উপহার সামগ্রী লাভ করেন। এছাড়াও জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচির পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়। এই স্বীকৃতি অসমের আরবিএসকে দলের কাছে বিশেষ গর্বের বিষয় হয়ে ওঠে।

উল্লেখ্য, আরবিএসকে কর্মসূচির মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের চারটি প্রধান ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবা প্রদান করা হয়—জন্মগত ত্রুটি, বিভিন্ন রোগ, পুষ্টিগত ঘাটতি এবং বিকাশগত বিলম্ব ও প্রতিবন্ধকতা।

নয়াদিল্লির এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অসমের আরবিএসকে দলের অংশগ্রহণ রাজ্যের শিশুস্বাস্থ্য পরিষেবার উদ্যোগকে জাতীয় স্তরে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের প্রশংসা, বিশিষ্ট আধিকারিকদের উপস্থিতি এবং জাতীয় স্তরে সম্মাননা—সব মিলিয়ে অসমের আরবিএসকে দলের এই সাফল্য রাজ্যের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker