Barak UpdatesHappenings

পুজোর প্রাক্কালে শিলচরের ৪০ মহিলা সাফাইকর্মীকে শাড়ি দিল জয় রাধে সেবা সমিতি

ওয়ে টু বরাক, ১১ অক্টোবর : দুর্গাপুজোর আনন্দ ও উৎসবের আবহে সমাজের সেইসব মানুষের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল জয় রাধে সেবা সমিতি। শিলচর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে দিনরাত নিরলস পরিশ্রম করে চলা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪০ জনেরও বেশি মহিলা সাফাইকর্মীর হাতে পুজোর উপহারস্বরূপ নতুন শাড়ি তুলে দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।

যাঁদের অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন আমাদের শহর পরিচ্ছন্ন থাকে, যাঁরা নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে শহরবাসীর জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া এবং সমাজের এই পরিশ্রমী মানুষগুলির মুখে সামান্য হাসি ফোটানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতিটি মানুষের অবদানই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাফাইকর্মীরা প্রতিদিন যে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের অবদানের প্রতি সম্মান জানানো এবং উৎসবের আনন্দে তাঁদের সামিল করা আমাদের সামাজিক দায়িত্ব। নতুন শাড়ি তুলে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তাঁদের প্রতি আন্তরিকতা ও সম্মান প্রকাশ করতে পেরে সমিতির সদস্যরা আনন্দ প্রকাশ করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর বিজেন্দ্র প্রসাদ সিং, রাধারানি রবিদাস, সৌরভ কান্তি নাথ, সমাজসেবী পুলক দেব এবং গীতনাথ। সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি জয়দীপ চক্রবর্তী, সহ-সভাপতি কিষান দাস ও ভাস্কর দাস, সাধারণ সম্পাদক মৌসুমী অধিকারী এবং সদস্য পরিমল পুরকায়স্থ, অর্জুন পাল, প্রশান্ত নাথ ও গৌতম রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker