Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টির মধ্যেই শিলচরে পুর নিগমের ভোট
ওয়েটুবরাক, ৩ অক্টোবর : প্রবল বৃষ্টির মধ্যেই সকাল ৭টা থেকে চলছে শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শহরের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২.৭৩ শতাংশ।
ভোটগ্রহণ শুরু হওয়ার পরপর বৃষ্টির মধ্যেই শহরের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে এবার।
৪০টি ওয়ার্ডের মধ্যে ৩০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। মোট ভোটার ২.৭৩ লক্ষ। দুটি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গিয়েছেন।
নির্বিঘ্নে ভোটগ্রহণের জন্য গোটা নির্বাচন এলাকাকে ১৮টি সেক্টরে ভাগ করেছে প্রশাসন। প্রতিটি সেক্টরের দায়িত্বে রয়েছেন একজন করে সেক্টর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর আধিকারিক। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত জানান, নির্বাচনী কাজে প্রায় ১,৫০০ জন ভোটকর্মী মোতায়েন করা হয়েছে।
প্রায় ৩০টি ভোটকেন্দ্রকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই কেন্দ্রগুলিতে অতিরিক্ত প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। জেলা আয়ুক্ত জানান, সেক্টর আধিকারিকরা ভোটকেন্দ্রে ভিড়ের গতিবিধি নজরে রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করবেন।
নিরাপত্তার জন্য হোমগার্ড-সহ প্রায় ৭০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। মোট ৩৯টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ক্রিটিক্যাল কেন্দ্রগুলিও রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ সেক্টর ও জোনাল সেক্টর আধিকারিকরা ভোটগ্রহণের পরিস্থিতি নজরদারি করছেন। পাশাপাশি জেলা স্তরের আধিকারিকরা নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন বলে জানান পুলিশ সুপার।
শিলচর পুর নিগমের এই নির্বাচন শহরের নাগরিক প্রশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৮৮২ সালে শিলচরের পুর প্রশাসনের যাত্রা শুরু হওয়ার ১৪৪ বছর পর প্রথমবারের মতো পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



