Barak UpdatesAnalytics
হিন্দি দিবস উদযাপন শিলচরে

ওয়ে টু বরাক, ১৪ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউ এবং Rhythm and Read Hub-এর যৌথ উদ্যোগে , শিলচরের ইটখলায় মর্যাদার সঙ্গে ‘হিন্দি দিবস’ উদযাপন করা হয়। পূর্ণ দর্শকাসনের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিনটি। অনুষ্ঠানে ২২ জন শিশু দেশাত্মবোধক নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, গল্প বলা এবং সর্বাধিক আকর্ষণীয় যোগাসন প্রদর্শনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে। ক্লাব ভ্যালিভিউ-র প্রজেক্ট চেয়ারপার্সন বন্দিতা ত্রিবেদী রায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তাঁর সঞ্চালনায় হিন্দি ভাষার সৌরভে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি সকলের প্রতি হিন্দি ভাষার প্রসার ও প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে সমগ্র দেশে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানের সাফল্যের নেপথ্যে মুখ্য আহ্বায়ক সঞ্জয় দাস এবং সহ-আহ্বায়ক সঙ্গীতা সিংহের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
ইটখলা হিন্দি পাঠশালা-র প্রাক্তন প্রধান শিক্ষিকা তথা অনুষ্ঠানের প্রধান বক্তা রাজকুমারী মিশ্র তাঁর মিষ্টি ও অত্যন্ত তথ্যসমৃদ্ধ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে আয়োজকদের পক্ষ থেকে সুন্দর উপহার দিয়ে সম্মানিত করা হয়। তাদের হাতে উপহার তুলে দেন পুষ্পবতী রায়, রাকেশ তেওয়ারি, অমিত পাটোয়া, সরিতা সিং, পিঙ্কি মহন্ত, কৃষ্ণালয় সিং, অপরাজিতা দেব, মমতা গিরি, জেসমিন মজুমদার এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায়। অনুষ্ঠানে তিনি তাঁর নিজের রচিত একটি কবিতাও আবৃত্তি করেন। ‘হিন্দি দিবস’-এর এই বর্ণাঢ্য উদযাপন ভাষার প্রতি ভালোবাসা, দেশাত্মবোধ এবং ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর এক সুন্দর বার্তা বহন করেছে।



