Barak UpdatesHappeningsBreaking News

সিভিল-মেডিক্যাল ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসার মান যাচাই স্বাস্থ্যমন্ত্রী সিংহলের

স্কুলে স্বাস্থ্য ক্লাব সক্রিয় করার নির্দেশ, স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক হাজিরা চালুর প্রস্তাব

ওয়ে টু বরাক, ২৮ অক্টোবর : অসম সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অশোক সিংহল বুধবার শিলচর সফরকালে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এদিন তিনি কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং চিকিৎসা পরিষেবার গুণগত মান বৃদ্ধি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যচর্চার প্রসার ও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা  নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, বরাক উপত্যকার দু’দিনের সফরে মঙ্গলবার শিলচরে এসে পৌঁছন মন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা পরিদর্শন করেন। সফরের দ্বিতীয় দিনে বুধবার তাঁর কর্মসূচিতে শিলচরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিদর্শন এবং স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অন্তর্ভুক্ত ছিল।

এদিন মন্ত্রী প্রথমে শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার খোঁজ নেন তিনি। চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার মান, তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন কি না এবং চিকিৎসা চলাকালীন তাঁদের সম্মুখীন হওয়া সমস্যাগুলি সম্পর্কে অবগত হন। এর পর মন্ত্রী অসম ক্যানসার কেয়ার ফাউন্ডেশনের অধীন শিলচর ক্যানসার সেন্টার পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন বিভাগ ঘুরে ক্যানসার চিকিৎসার পরিকাঠামো ও পরিষেবা পর্যালোচনা করেন। চিকিৎসাধীন রোগীদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসা ও পরিচর্যার মান সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা জানতে চান। এ সময় তিনি রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।

পরবর্তী পর্যায়ে মন্ত্রী শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগের কাজকর্ম এবং চিকিৎসা পরিষেবার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি মাতৃ ও শিশুসেবা কেন্দ্রও পরিদর্শন করেন এবং মা ও শিশুদের জন্য থাকা চিকিৎসা পরিকাঠামো ও পরিষেবার খোঁজ নেন। পরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সম্মেলন কক্ষে মন্ত্রী কৌশিক রাইয়ের উপস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন স্বাস্থ্যমন্ত্রী সিংহল। বৈঠকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্যক্রম এবং কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের কাছে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়ে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে আরও দক্ষ, সহজলভ্য এবং জনগণের প্রয়োজনের প্রতি সংবেদনশীল করে তোলার ওপর তিনি গুরুত্ব দেন। পাশাপাশি, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে আরও উন্নত চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে বরাক উপত্যকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিকাঠামো ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন।

স্বাস্থ্যচর্চার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী অসমের সমস্ত বিদ্যালয়ে স্বাস্থ্য ক্লাবগুলিকে সক্রিয় করে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা গেলে ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে কাছাড় জেলার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক, স্বাস্থ্য পরিষেবা প্রদানের অগ্রগতি, চিকিৎসা পরিকাঠামোর বর্তমান অবস্থা এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সব বিভাগকে আরও জনমুখী ও পরিষেবাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী। সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা যাতে যথাযথভাবে উপভোক্তাদের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয়, নিষ্ঠা এবং দায়বদ্ধতার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য বিভাগে দায়বদ্ধতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাছাড় জেলায় পরীক্ষামূলকভাবে স্বাস্থ্যকর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন মন্ত্রী। পাশাপাশি বিভাগের কাজকর্ম নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে পরিষেবা প্রদানের ক্ষেত্রে ত্রুটি চিহ্নিত করে তার সংশোধন এবং সরকারি স্বাস্থ্য পরিষেবার গুণগত মান উন্নত করার বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী অশোক সিংহলের এই সফরে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রাই, বড়খলার বিধায়ক কিশোর নাথ, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ অভিজিৎ স্বামী, জাতীয় স্বাস্থ্য মিশন অসমের মিশন সঞ্চালক ড.  লক্ষ্মণন এস, স্বাস্থ্য পরিষেবার যুগ্ম সঞ্চালক স্বাস্থ্য বিভাগের অন্যান্য আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker