India & World UpdatesHappeningsBreaking News
উত্তরপ্রদেশে হ্যাটট্রিক করতে জয়ের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

ওয়েটুবরাক, ১ নভেম্বর: ২০২৭ সালের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এর প্রস্তুতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার উত্তরপ্রদেশ বিজেপির কার্যকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেন। এই বৈঠকে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ৩২৫ থেকে ৩৫০টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্যে টানা তৃতীয়বার বিজেপি-কে ক্ষমতায় ফেরাতে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে দলীয় কর্মীদের।
কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক এবং দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে মোট আসন সংখ্যা ৪০৩, সরকার গঠনের ম্যাজিক ফিগার ২০২। ২০২২ সালের বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছিল ২৫৫ আসন। বিজেপির জোটসঙ্গী আপনা দল (সোনেলাল) জিতেছিল ১২টি আসন এবং নিশাদ পার্টি জিতেছিল ৬টি আসন। প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছিল ১১১টি আসন। কংগ্রেসের ঝুলিতে ছিল ২টি আসন।


