Barak UpdatesHappeningsBreaking News

ফ্লাইওভারের কাজ শুরুর আগে বিকল্প রাস্তা নিয়ে ভাবনা, মুখ্যমন্ত্রীকে সিআরপিসির স্মারকলিপি

ওয়েটুবরাক, ২৫ আগস্ট: শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের আগে বিকল্প ও সংযোগ রাস্তাগুলি দ্রুত নির্মাণ ও সম্প্রসারণের দাবিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দিল নাগরিক অধিকার রক্ষা সমিতি, অসম (সি.আর.পি.সি.)।

সোমবার তাঁরা ই-মেল যোগে মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি পাঠান। মঙ্গলবার শিলচর সিটিভিএও কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সমিতির সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ বলেন, শিলচরে ফ্লাইওভার নির্মাণ এখন সময়ের দাবি। এর বিরোধিতা অযৌক্তিক। তবে এও সত্য, উড়ালপুলের নির্মাণ চলাকালে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হবে। কিছু কিছু অংশে হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে যাবে। তাই তাঁরা জনদুর্ভোগ যাতে না বাড়ে, সেজন্য আগেই গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তাগুলি নিয়ে ভাবনাচিন্তা করে উপযুক্ত পরিকল্পনা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন। সিআরপিসি নেতৃত্ব মুখ্যমন্ত্রীকে যেমন ই-মেল পাঠিয়েছে, তেমনি জেলাশাসককেও স্মারকলিপি প্রদান করেছে। পাশাপাশি সোমবার সিআরপিসির এক প্রতিনিধি দল পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগের সঙ্গে সাক্ষাৎ করে ফ্লাইওভার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

সব জায়গাতেই সিআরপিসি গুরুত্ব সহ বেশ কিছু সংযোগী রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কথা জানান। এর মধ্যে রয়েছে, জানিগঞ্জ–ভুইয়া লেন–পেশকারজাঙ্গাল ডাইক রোড, বাখরশাহ মোকাম–কনকপুর–সোনাই রোড, অন্নপূর্ণা ঘাট–নাথপাড়া নিউ কলোনি, রাঙ্গিরখাড়ি–বাখরশাহ মোকাম রাস্তার দ্রুত সংস্কার ও সম্প্রসারণ।

পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে ও চিত্তরঞ্জন অ্যাভিনিউকে চেংকুড়ি রোড এবং চিরুকান্দি–রামনগরের সঙ্গে সংযুক্ত করা, প্রথম ও দ্বিতীয় লিঙ্ক রোড প্রস্থ বাড়ানোরও দাবি তুলেছে সংগঠনটি।

সাধন পুরকায়স্থের সঙ্গে আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোর ভট্টাচার্য, মধুসূদন কর, রাজেশ সিনহা, আজমল হোসেন, আব্দুল হাই লস্কর প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker