Barak UpdatesAnalytics

উত্তর-পূর্ব ভারতের সীমান্ত চ্যালেঞ্জ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে সম্মেলন

সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞদের মতবিনিময়

ওয়ে টু বরাক, ২৫ আগস্ট : উত্তর-পূর্ব ভারতের সীমান্ত ও সীমারেখা-সংক্রান্ত বিভিন্ন দিক, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্যে মঙ্গলবার একদিনের সম্মেলন আয়োজিত হলো আসাম বিশ্ববিদ্যালয়ে। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনের বিষয় ছিল ‘উত্তর-পূর্ব ভারতে সীমান্ত ও সীমারেখার প্রয়োগ: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।

আসাম বিশ্ববিদ্যালয় ও সুরমা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। অনুষ্ঠানে সাংসদ ডা. রাজদীপ রায়, ভাইরেংটির মেজর জেনারেল কুলবীর সিং, নিবন্ধক প্রদোষ কিরণ নাথ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ড. দীপজ্যোতি চৌধুরী। উদ্দেশ্য ব্যাখ্যা করেন সুরমা ফাউন্ডেশনের পক্ষে চন্দ্রানী সিংহ।

সম্মেলনে উত্তর-পূর্ব ভারতের ভৌগোলিক সীমান্ত, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, আঞ্চলিক পরিচয় এবং সীমান্তবর্তী অঞ্চলগুলির সঙ্গে যুক্ত সামাজিক ও কৌশলগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞরা কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি অঞ্চলের স্বতন্ত্র সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় রেখে ভবিষ্যৎ কৌশল নিয়ে মতামত ব্যক্ত করেন।

সম্মেলনের প্রথম কারিগরি অধিবেশনে পৌরোহিত্য করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক দেবতোষ চক্রবর্তী। দ্বিতীয় কারিগরি অধিবেশনে পৌরোহিত্য করেন ইংরেজির অধ্যাপক অনুপ কুমার দে। অধিবেশনে উত্তর-পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের ড. বিনায়ক দত্ত ‘ভূপ্রকৃতি, সম্প্রদায় ও সীমান্ত নির্মাণ’ এবং অধ্যাপক টি টি হাওকিপ ‘ভারত-মায়ানমার সীমান্ত নিয়ে কিছু ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন দিল্লি থেকে আসা অধ্যাপিকা নবনীপা ভট্টাচার্য ও নেহুর অধ্যাপক অনুপ শেখর চক্রবর্তী। তাঁদের আলোচনায় ভারত-মায়ানমার সীমান্ত, সিলেট গণভোট এবং সিলেটি পরিচয়ের প্রশ্ন সহ সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।বক্তারা সীমান্ত-সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাব্য সমাধান এবং এই অঞ্চলের উন্নয়নের সম্ভাবনা নিয়েও গভীরভাবে আলোচনা করেন। গবেষণা, সংলাপ ও আঞ্চলিক পরিচয়কে কেন্দ্র করে সম্মেলনে উত্তর-পূর্ব ভারতের সীমান্ত-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর তথ্যভিত্তিক আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker