Barak UpdatesCulture
স্বাধীনতা দিবসে লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ওয়ে টু বরাক, ১৭ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষীপুর সঙ্গীত বিদ্যালয় আয়োজিত জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পজিৎ পাল, নেহরু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বাসনা দাস, আরসিভিপি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুশান্ত ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী তথা বিচারক অমল চক্রবর্তী, সাংবাদিক নৈতিক শীল, পুলক দাস, বিশিষ্ট চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ,দুর্গাকান্ত পান্ডে,হীরালাল লোক প্রমুখ।
একে একে সব অতিথিদের অসমিয়া গামছা পরিয়ে বরণ করা হয়। সাথে সংস্থার অধ্যক্ষ কার্তিক রায় উপত্যকার বিশিষ্ট চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথকে সম্মাননা স্মারক প্রদান করেন। তারপর অনুষ্ঠানকে উদ্দেশ্যে করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথিরা। এ দিন চিত্রাংকন প্রতিযোগিতার সাথে একদিনের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। এতে লক্ষীপুর সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রদর্শনী সকাল ১১টা থেকে শুরু হয় চলে বিকাল ৫টা পর্যন্ত। চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন গৌরশঙ্কর।
এ দিকে, এই অঞ্চলের শিল্পপ্রেমিক দর্শকরা শিল্পকলা প্রদর্শনীটি দেখে খুব আনন্দিত হয়েছেন। ছোট্ট শিশুদের আঁকা ও প্রদর্শিত চমৎকার ছবিগুলো তাদের সৃজনশীল প্রতিভার স্ফুরণকেই যথার্থভাবে তুলে ধরেছিল।বিশেষ করে স্বরাজ সূত্রধরের প্রশংসা করেছেন এলাকাবাসী। কারণ এই প্রদর্শনীটিকে সফল করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এ দিন একই মঞ্চে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে লক্ষীপুর অঞ্চল ভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্থার অধ্যক্ষ কার্তিক রায় জানান, আগামী বছর সংস্থার ২৫ বছর পূর্ণ হবে। তাই সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছাড়া অনুষ্ঠানও থাকবে। তাতে সবার সহযোগিতা চাইলেন তিনি।



