Barak UpdatesHappeningsBreaking News
বদরপুর প্রেস ক্লাবের ১৫ বছর: স্মরণিকার প্রচ্ছদ উন্মোচন

ওয়েটুবরাক, ৫ এপ্রিল: বদরপুর প্রেস ক্লাবের ১৫ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা প্রকাশ হতে চলেছে। আজ সেই স্মরণিকার প্রচ্ছদ উন্মোচন করা হল।
এ উপলক্ষে বদরপুর এস টি রোডে প্রেস ক্লাবের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের বদরপুর আঞ্চলিক কমিটির প্রাক্তন সভাপতি সুব্রত ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য, সচিব সেলিম আহমদ, সহসভাপতি সাইদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য তাজ উদ্দিন, ব্যবসায়ী বাপি দেব প্রমুখ। সচিব সেলিম আহমদ বলেন, বদরপুর বিধানসভা এলাকায় কর্মরত কিংবা বদরপুর বিধানসভা এলাকার বাসিন্দা এরকম সব সাংবাদিক কে নিয়ে ২০১০ সালে অধুনালুপ্ত ন্যাশনাল জুনিয়র কলেজে বদরপুর প্রেস ক্লাব গঠিত হয়েছিল। বিধানসভা ডিলিমিটেশনের ফলে বদরপুরের ভোটাররা এখন চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার। এই চারটি কেন্দ্র হল — উত্তর করিমগঞ্জ, কাটিগড়া, রামকৃষ্ণনগর এবং দক্ষিণ করিমগঞ্জ। ফলে, বদরপুর প্রেস ক্লাবের পুরনো রেকর্ড এবং গত ১৫ বছরের কাজকর্মের খতিয়ান ধরে রাখার জন্য এই স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও গত বছর এটা করে নেওয়ার কথা ছিল, কিন্তু এখনও কাজ শেষ করা যায়নি। প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য এবং প্রাক্তন সহসভাপতি তাজ উদ্দিন মূলত এই কাজে জড়িত রয়েছেন। ক্লাব সদস্যরা ছাড়াও বিশিষ্টদের লেখা এই স্মরণিকায় স্থান পেয়েছে।
সুব্রত ঘোষ বলেন, বদরপুর প্রেস ক্লাব দীর্ঘ দেড় দশক ধরে নিজেদের দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজের কাজেও জড়িয়ে রয়েছে। তাদের এই প্রয়াস প্রশংসনীয়।
সাইদুল ইসলাম বলেন, প্রেস ক্লাবের এতদিনের কাজের দলিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্মরণিকা সেই ভূমিকা পালন করতে সক্ষম হবে। এখানে উল্লেখ্য যে, এই স্মরণিকার নাম দেওয়া হয়েছে ‘আমাদের বদরপুর ‘। এদিন অনুষ্ঠান শুরুর আগে বিশিষ্ট ব্যবসায়ী অনুপ চাঁদ দপ্তরি এবং ক্রীড়া ব্যক্তিত্ব সজল সেনগুপ্তর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


