India & World UpdatesHappeningsBreaking News
মানহানি, তৃণমূল সাংসদ সাকেতকে ক্ষমা চাইতে বলল হাই কোর্ট

ওয়েটুবরাক, ১০ মে : তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে কড়া নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর দায়ের করা মানহানির মামলায় আদালতের আগের রায় অনুসারে এক সপ্তাহের মধ্যে প্রকাশ্য ক্ষমা চাইতে বলে দিয়েছেন বিচারপতি অনীশ দয়াল।
২০২১ সালে লক্ষ্মী পুরী একটি মানহানির মামলা দায়ের করেন সাকেত গোখলের বিরুদ্ধে। অভিযোগ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ কয়েকটি পোস্টে গোখলে লক্ষ্মী পুরীর সুইজারল্যান্ডে সম্পত্তি কেনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ইঙ্গিত করেন, লক্ষ্মী ও তাঁর স্বামী, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সম্পদের উৎস নিয়ে। এই বক্তব্যগুলিকে “অসত্য ও মানহানিকর” বলে অভিহিত করে আদালত।
২০২৪ সালের ১ জুলাই দিল্লি হাইকোর্ট এক রায়ে জানায়, গোখলের পোস্টগুলি মানহানিকর এবং তা লক্ষ্মী পুরীর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিতে ব্যাপক আঘাত করেছে। এই প্রসঙ্গে আদালত উইলিয়াম শেক্সপিয়রের ‘ওথেলো’ নাটক থেকে উদ্ধৃতি দিয়ে মর্যাদা ও সুনামের ক্ষতি নিয়ে গুরুত্ব সহকারে ব্যাখ্যা দেয়।
আদালতের নির্দেশ সত্ত্বেও গোখলে নির্ধারিত সময়ে ক্ষমা চাননি। ফলে লক্ষ্মী পুরী আদালত অবমাননার মামলা দায়ের করেন। এই মামলার শুনানিতে সাকেত গোখলে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি এবং ১৫ এপ্রিল আদালতে উপস্থিত হন।
বিচারপতি অনীশ দয়াল বলেন, “গোখলের পোস্টগুলির মাধ্যমে লক্ষ্মী পুরীর মানহানি হয়েছে এবং তাতে তাঁর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।” সেইসঙ্গে আদালত নির্দেশ দেয়, গোখলেকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে লক্ষ্মী পুরীকে৷ তাঁর ‘এক্স’ হ্যান্ডলে একটি নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চেয়ে পোস্ট করতে হবে, যা ছয় মাস ধরে দৃশ্যমান থাকবে।



