Barak UpdatesHappeningsBreaking News

২৮ জুন বদরপুরে উন্মোচিত হচ্ছে শিক্ষক সহায়ক গ্রন্থ “স্মার্ট টিচিং”

শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন সংযোজন

ওয়েটুবরাক, ২৫ জুন : শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ-পদ্ধতির প্রসার এবং শ্রেণিকক্ষকে আরও কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলার লক্ষ্য নিয়ে রচিত শিক্ষক সহায়ক গ্রন্থ “স্মার্ট টিচিং (হ্যাণ্ডবুক ফর টিচার্স) ” -এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠান আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সকাল ১১টায় বদরপুরের নবীনচন্দ্র কলেজ অডিটোরিয়াম, অনুষ্ঠিত হবে।

গ্রন্থটির রচয়িতা প্রাক্তন সাংবাদিক তথা শিক্ষক সেলিম আহমেদ খান। তিনি বর্তমানে বদরপুর গার্লস হাই স্কুলের (পশ্চিম) বিজ্ঞান শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার মানোন্নয়নে নিরবচ্ছিন্ন কাজের আলোকে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। বইটিতে আধুনিক শিক্ষণ-পদ্ধতি, পাঠ পরিকল্পনা, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিখনফলভিত্তিক শিক্ষা, মূল্যায়ন কৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) কার্যকর ব্যবহার, শিক্ষার্থীদের অনুপ্রেরণা বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং জাতীয় শিক্ষানীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবধর্মী ও সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে।

লেখক সেলিম আহমেদের বিশ্বাস, গ্রন্থটি নবীন ও অভিজ্ঞ উভয় ধরনের শিক্ষকদের জন্য একটি কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে। পাশাপাশি শিক্ষক-প্রশিক্ষণ প্রতিষ্ঠান, বি.এড. ও ডি.এল.এড. শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছেও সমানভাবে উপযোগী হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন ও আলোচনা করবেন জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন শ্রীভূমি জেলা স্কুলসমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস, কালিগঞ্জ ডায়েটের অধ্যক্ষ ড. মাহুল চৌধুরী, বদরপুর নবীনচন্দ্র কলেজ অধ্যক্ষ ড. পার্থসারথি দাস, কালিগঞ্জ ডায়েটের প্রাক্তন প্রশিক্ষক কানাইলাল দে, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, পাথারকান্দির বিবেকানন্দ কলেজ অব এডুকেশন এর অধ্যক্ষ ড. মো: আয়নুল হক, বিবেকানন্দ কলেজ অব এডুকেশন করিমগঞ্জ-র অধ্যক্ষা ড. জয়িতা ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক, শিক্ষক-প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষয়িত্রী, সাহিত্যপ্রেমী, অভিভাবক এবং শিক্ষানুরাগী সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 সেলিম আহমেদ খান বলেন, একজন শিক্ষক কেবল পাঠদান করেন না; তিনি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। পরিবর্তিত শিক্ষা-ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের হাতে একটি ব্যবহারিক ও সময়োপযোগী সহায়ক গ্রন্থ তুলে দেওয়ার প্রয়াস থেকেই ‘স্মার্ট টিচিং’ রচিত হয়েছে। আশা করি বইটি শিক্ষক সমাজের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker