NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
হারাঙ্গাজাওয়ের বৌলচল জলপ্রপাতে নিখোঁজ শিলচর এনআইটির তিন পড়ুয়া

হাফলং, ৮ নভেম্বর : ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও এলাকায় ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। হারাঙ্গাজাওয়ের কাছে থাকা বৌলচল জলপ্রপাতে গিয়ে নিখোঁজ হলেন শিলচর এনআইটির তিন পড়ুয়া। তাঁদের মধ্যে দু’জন ছাত্রী এবং একজন ছাত্র। তিনজনই প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত এই হারাঙ্গাজাওয়ের কাছেই রয়েছে বৌলচল নামের একটি জলপ্রপাত। এই জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই বহু মানুষ সেখানে ভিড় জমান। শনিবার সেই জলপ্রপাত দেখতে গিয়েছিলেন শিলচর এনআইটি-র সাতজন শিক্ষার্থীর একটি দল।
ঘটনার বিবরণ অনুযায়ী, শনিবার শিলচর এনআইটি-র এই শিক্ষার্থীরা ভ্রমণের উদ্দেশ্যে হারাঙ্গাজাও যান। পরে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে থাকা বৌলচল জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পৌছন। আর সেখানেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। হঠাৎই তাদের তিনজন জলপ্রপাতের জলে পড়ে যান এবং মুহূর্তের মধ্যেই তাঁরা নিখোঁজ হয়ে যান।
ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে হারাঙ্গাজাও থানার ভারপ্রাপ্ত অফিসার ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ তিন শিক্ষার্থীর উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনও পর্যন্ত জলপ্রপাতে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া দুই ছাত্রী ও এক ছাত্রের পরিচয় জানা যায়নি। অন্যদিকে, ঘটনার খবর পাওয়া মাত্রই শিলচর এনআইটি-র একটি দল হারাঙ্গাজাও পৌঁছেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, পাহাড়ি জেলা ডিমা হাসাও পর্যটকদের জন্য এক জনপ্রিয় গন্তব্যস্থল। শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই জেলায় পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই, এই সময়ে বৌলচল জলপ্রপাত দর্শনেও ভিড় বাড়ে পর্যটকদের।



