NE UpdatesHappeningsBreaking News

শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে সরুসজাইয়ে উপচে পড়া ভিড়, সোমবারও শায়িত থাকবে জুবিনের মরদেহ

গুয়াহাটি, ২১ সেপ্টেম্বর : অসমের মানুষের প্রাণের শিল্পী জুবিন গার্গ আজ চিরনিদ্রায় শায়িত। তাঁর প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করার জন্য কয়েক লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছেন। বর্তমানে সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্প জনসমুদ্রের রূপ নিয়েছে।

শনিবার প্রায় বিকেল ২.৪৫ মিনিটে জুবিন গার্গের দেহ সরুসজাইতে নিয়ে আসা হয়। এরপর শুরু হয় সরকারিভাবে আয়োজিত রাজ্যব্যাপী শ্রদ্ধাঞ্জলি পর্ব। প্রিয় শিল্পীর শেষ দর্শনের জন্য হাজির হন অগণিত অনুরাগী। জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ জনতার অশেষ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আহ্বান জানান, যেন সবাই জুবিন গার্গকে চিরকাল এভাবেই ভালোবাসা দিয়ে যান।

উল্লেখ্য, গত রাত থেকেই হাজার হাজার মানুষ সরুসজাইতে জড়ো হয়েছিলেন। রবিবার সকাল থেকে সেই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রের। ব্যাপক জনসমাগমের কারণে শ্রদ্ধা জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। শনিবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে। কিন্তু আজ বিপুল ভিড় এবং বিলম্বের কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার বিকেলে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমাদের প্রিয় জুবিনকে শেষবারের মতো দেখতে বহু মানুষ ইচ্ছা প্রকাশ করেছেন, যা একেবারেই স্বাভাবিক। আমরা সবার আবেগ গভীরভাবে উপলব্ধি করছি। তাই সরুসজাই ভোগেশ্বর বরুয়া স্টেডিয়াম আজ সারারাত খোলা থাকবে, যাতে সবাই তাঁদের হৃদয়ের শিল্পী জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। আগামীকালও একই উদ্দেশ্যে জুবিনের দেহ সরুসজাইতেই রাখা হবে।”

ফলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার সারা রাত খোলা থাকবে সরুসজাই স্টেডিয়াম। এই সময়ে রাতেও অনুরাগীরা শিল্পীকে শ্রদ্ধা জানাতে পারেন। সোমবারও থাকবে একই সুযোগ। ইতিমধ্যে প্রবল বৃষ্টির মাঝেও জনতার ভিড়ে লোকারণ্য হয়ে ওঠা সরুসজাইতে অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা নিবেদন করছে লাখো অনুরাগী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker