Barak UpdatesHappeningsBreaking News
শিলচর-হাইলাকান্দিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, সুর চড়ালেন সুস্মিতা

ওয়েটুবরাক, ২ আগস্ট: ”বিজেপির বিভাজনের রাজনীতি”র বিরুদ্ধে অসমেও আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। আজ শনিবার শিলচর ও হাইলাকান্দিতে বিক্ষোভ দেখায় দলের নেতা-কর্মীরা। উভয় জায়গায় উপস্থিত হয়ে চড়া সুরে বক্তৃতা করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
শিলচরে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে তিনি বলেন, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এনআরসি করে অনুপ্রবেশকারীদের ধাক্কা দিয়ে সীমান্তের ওপারে পাঠাবেন বলেছিলেন, কিন্তু এখনও এনআরসিকেই মান্যতাই দিতে পারেননি। ওইসব ব্যর্থতা ঢাকতেই তারা এখন যেখানেই যারা বাংলায় কথা বলেন, তাদেরই বাংলাদেশি বলে ধরে নিতে নির্দেশ দিয়েছেন পুলিশকে, আর অসমে হিমন্ত বিশ্ব শর্মা শুরু করেছেন উচ্ছেদ অভিযান।
ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে মানুষকে হেনস্থা করার ক্ষেত্র তৈরি করা হয়েছে বলেও সুস্মিতা সকলকে সতর্ক করে দেন। তিনি বলেন, বিহারে যা চলছে, অসমেও তাই হবে। এরা ভোটার কার্ড, আধার কার্ড এমনকি জমির কাগজপত্রকেও মান্যতা দিতে নারাজ।
সুস্মিতা দেবের কথায়, তৃণমূল কংগ্রেস বিদেশি বিতাড়নের বিরুদ্ধে নয়, কিন্তু বিভাজনের রাজনীতি করে প্রকৃত ভারতীয়দের হয়রানি করা কোনওমতেই মেনে নেবেন না তাঁরা। শুধুমাত্র ভাষার ভিত্তিতে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছেন সাংসদ দেব।
তিনি অসমে বিধানসভা নির্বাচনের ছয় মাস আগে উচ্ছেদ অভিযান চালানোর তীব্র বিরোধিতা করে বলেন, হিমন্ত বিশ্ব শর্মা গত পাঁচ বছরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। নাগরিকত্ব সংশোধনী আইনও যে বিজেপির ভাঁওতাবাজি, সকলের কাছে তা স্পষ্ট হতেই হিমন্ত নতুন কৌশল গ্রহণ করেছেন। শুরু হয়েছে উচ্ছেদ হামলা।
এই প্রতিবাদী কর্মসূচিতে সাংসদ সুস্মিতা দেব ছাড়াও বক্তৃতা করেন দলের কাছাড় জেলা সভাপতি রাজেশ দেব, রাহুল আলম লস্কর, মাজুদ আহমেদ লস্কর প্রমুখ।
হাইলাকান্দিতে বক্তব্য রাখেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিলায়েত হোসেন লস্কর প্রমুখ।


