Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর টাউন কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা অতনু ভট্টাচার্যের

ওয়ে টু বরাক, ৭ অক্টোবর: শিলচর পুরনিগম নির্বাচনে দলের ভরাডুবির দায় স্বীকার করে শিলচর টাউন কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অতনু ভট্টাচার্য। বুধবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈয়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।
পদত্যাগপত্রে অতনু জানিয়েছেন, গত ৩ অক্টোবর শিলচর পুরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৬ অক্টোবর ফল প্রকাশিত হয়। মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস মাত্র দু’টি আসনে জয়লাভ করেছে। বাকি ওয়ার্ডগুলিতে দলের প্রার্থীরা পরাজিত হন। পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই কংগ্রেসের দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
এই ফলাফলের নৈতিক দায় টাউন কংগ্রেস সভাপতি হিসেবে নিজের কাঁধে নিয়েছেন অতনু। তাঁর বক্তব্য, সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি অনুযায়ী যেভাবে টাউন কংগ্রেস কমিটিকে পরিচালনা ও সংগঠিত করা প্রয়োজন ছিল, তা তিনি করতে পারেননি। দলের ফলাফলে তিনি গভীরভাবে মর্মাহত বলেও জানিয়েছেন।
নির্বাচনের সময় দলীয় প্রার্থী ও কর্মীদের নানা ধরনের চাপ এবং প্রলোভনের মুখে পড়ার অভিযোগ উঠেছিল বলেও উল্লেখ করেছেন অতনু। তবে পরিস্থিতি যাই হোক, টাউন কংগ্রেস সভাপতি হিসেবে সামগ্রিক ফলাফলের দায় এড়াতে চান না তিনি। সেই কারণেই সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোকে নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন।
তবে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না অতনু। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, টাউন কংগ্রেস সভাপতির পদ ছাড়লেও ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন committed সদস্য হিসেবে দলের সঙ্গে থাকবেন। দলের আদর্শ, নীতি ও মূল্যবোধের প্রতি তাঁর আস্থা অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শিলচর পুরনিগম নির্বাচনে জয়ী কংগ্রেসের দুই প্রার্থীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন অতনু। তাঁদের জয় শিলচরে কংগ্রেসের পতাকা উঁচু করে রাখার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করে তাঁদের নিষ্ঠা, সাহস ও লড়াইয়ের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
পাশাপাশি, টাউন কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময়ে পাশে থাকা দলের প্রবীণ নেতা, পদাধিকারী, কর্মী, প্রার্থী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অতনু ভট্টাচার্য। শেষ পর্যন্ত এপিসিসি সভাপতি গৌরব গগৈয়ের কাছে পদত্যাগপত্র গ্রহণ করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।



