Barak UpdatesHappeningsBreaking News
পুটিছড়ায় ৪৭ হাজার বোতল কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ২

ওয়েটুবরাক, ৩ নভেম্বর: কাছাড়ের পুটিছড়া টোল গেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত কফসিরাপ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালের দুই বাসিন্দাকে।
গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে চালানো মাদকবিরোধী অভিযানে একটি ট্রাক আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের ভিতরে চিনির বস্তার আড়ালে লুকিয়ে রাখা ৪৭০ কার্টন কফ সিরাপ উদ্ধার হয়। প্রতিটি কার্টনে ১০০টি করে কোডিন ফসফেটযুক্ত কফসিরাপের বোতল ছিল।
এই ঘটনায় ট্রাকের চালক আয়ুব খান এবং সহকারী চালক রেহবার আলিকে গ্রেফতার করা হয়েছে। দু’জনই মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি উত্তরপ্রদেশের কানপুর থেকে আগরতলার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।



