NE UpdatesHappeningsBreaking News
রাজ্যের প্ৰথম কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস নির্মলার

গুয়াহাটি, ৮ নভেম্বর : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার অসমের প্ৰথম বিশেষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান শহীদ কনকলতা বরুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বিশ্ববিদ্যালয়টি ৪১৫ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে। এটি বিশ্বনাথ জেলার গহপুরের ভোলাগুড়ি এলাকায় ২৪১ একর জমিতে স্থাপন করা হবে। প্রায় ৭ লক্ষ বর্গফুট নির্মিত এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে থাকবে— ২,০০০ শিক্ষার্থীর জন্য অ্যাকাডেমিক ব্লক, ১,৬২০ শিক্ষার্থীর জন্য হোস্টেল,
আবাসিক কোয়ার্টার, অতিথি গৃহ এবং একটি আধুনিক ছাত্র সুবিধা কেন্দ্র।
রাজ্যের দক্ষ ও উদ্ভাবন নির্ভর কর্মশক্তি গঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো এই বিশ্ববিদ্যালয়ে উদীয়মান প্রযুক্তিক্ষেত্রে আধুনিক কোর্স চালু করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, সাইবার সুরক্ষা, ব্লকচেইন, ড্রোন ও নেভিগেশন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেন-কম্পিউটার ইন্টারফেস, ইন্টারনেট অব থিংস এবং স্মার্ট সিটি ও স্মার্ট পরিবেশ ব্যবস্থা।
দু’দিনের অসম সফরে থাকা নির্মলা সীতারমন বলেন, এই প্রকল্পটি ভবিষ্যতমুখী ক্ষেত্রগুলোতে যুবসমাজের জন্য সুযোগ সৃষ্টি এবং দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষার ক্ষেত্রে অসমকে একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করবে।


