Barak UpdatesHappeningsBreaking News

রবীন্দ্রসদনের ছাত্রীরা বিশেষ পাঠ নিল শিলচরের বঙ্গভবনে এসে

ওয়েটুবরাক, ১ নভেম্বরঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অন্তর্গত দূর-শিক্ষাকেন্দ্র এবং রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের মধ্যে শিক্ষামূলক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে শনিবার শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হয় বিশেষ পাঠদান পর্ব তথা দক্ষতা উন্নয়ন বিষয়ক বিশেষ কর্মশালা। শ্রীভূমি জেলা থেকে রবীন্দ্র সদনের বাংলা অনার্সের স্নাতক শিক্ষার্থীরা বাসে চেপে এখানে এসে কর্মশালায় অংশগ্রহণ করে। বঙ্গভবনের গ্রন্থাগার, মহাফেজ খানা ঘুরে দেখে। অন্যান্য গ্রন্থের সঙ্গে পাতা উল্টায় বঙ্গ সাহিত্য প্রকাশিত বিভিন্ন বইপত্রেরও। রবীন্দ্র সদনের অধ্যাপক-অধ্যাপিকারাও এদিন বঙ্গ সাহিত্যের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত জেনে সন্তোষ প্রকাশ করেন।

দূর শিক্ষা কেন্দ্রের আচার্য বিভাসরঞ্জন চৌধুরী, সঞ্চালক পরিতোষ দত্ত, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, রবীন্দ্র সদনের অধ্যাপিকা তনুশ্রী ঘোষ সকলেই বলেন, আজকের প্রতিযোগিতামূলক সময়ে শুধু পাঠক্রমে নিজেদের সীমিত রাখলে চলবে না। এর বাইরে গিয়েও অনেক কিছু পড়তে হবে, জানতে হবে। সরকারি চাকরি যেমন সীমিত, তেমনি বেসরকারি ক্ষেত্রেও কঠিন বাছাইয়ের মাধ্যমেই লোকনিয়োগ করা হয়। সে জন্য পড়ার পাশাপাশি ব্যক্তিত্ব গড়ার কাজও করে যেতে হবে। সংগঠনের কাছাড় জেলা সমিতির সম্পাদক উত্তমকুমার সাহার ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শেষ হতেই কর্মশালা শুরু হয়ে যায়।

দুই বিশেষজ্ঞ দূর শিক্ষা কেন্দ্রের শিক্ষা আধিকারিক তথা বঙ্গ সাহিত্যের জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর এবং দূর শিক্ষা কেন্দ্রের সহকারী নিবন্ধক তথা সংগঠনের জেলা সমিতির সহসভাপতি জয়ন্ত দেবরায় ছাত্রীদের পাঠদান করেন। সঞ্জীব দেবলস্করের বিষয় ছিল— প্রফেশনাল জীবনে প্রস্তুতির জন্য কী পড়ব, কেন পড়ব, কী করে পড়ব। শিক্ষাদান, অফিসিয়াল বা ব্যবসায়িক নোট তৈরি, নির্দিষ্ট বিষয়ে প্রকল্প প্রস্তুতির মতো পেশাগত কাজে গ্রন্থাগারের ব্যবহার বিষয়ে প্রদর্শন ভিত্তিক পাঠে প্রশিক্ষক ছিলেন জয়ন্ত দেবরায়।

দূর শিক্ষা কেন্দ্রের এই ধরনের উদ্যোগ এই প্রথম। প্রথম বারেই রবীন্দ্র সদনকে বেছে নেওয়ার জন্য বঙ্গ সাহিত্যের প্রতি অধ্যাপক-অধ্যাপিকারা কৃতজ্ঞতা প্রকাশ করে।

প্রসঙ্গত, উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় সমিতির সহ-সম্পাদক মিলনউদ্দিন লস্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস চৌধুরী, পরিতোষ দে, দীপক সেনগুপ্ত, অনিল পাল, সোপেন নাথ, প্রজ্ঞা অন্বেষা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker