NE UpdatesHappeningsBreaking News
যোরহাটে বিমান দুর্ঘটনা, ৫ বায়ুসেনা নিহত

ওয়েটুবরাক, ১৪ জুন: শনিবার যোরহাটে বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় একটি এএন-৩২ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট এবং সহ-পাইলট সহ পাঁচ ভারতীয় বায়ুসেনা (আইএএফ) নিহত হয়েছেন। তাঁরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
ভারতীয় বায়ুসেনা টুইট করেছে, ‘‘ভারতীয় বায়ুসেনা প্রাণহানির জন্য গভীরভাবে দুঃখিত এবং এই শোকের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।” এর আগে আইএএফ জানিয়েছিল যে সরবরাহ পরিবহনের জন্য ব্যবহৃত একটি এএন -৩২ কার্গো বিমান যোরহাটের এয়ার ফোর্স স্টেশনে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।’
শনিবার সকাল ১০ টায় রুটিন কার্যক্রমের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং বিমান বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এএন-৩২ ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন বিমান এবং প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে অপারেশন সহ লজিস্টিকস, সৈন্য চলাচল এবং সরবরাহ মিশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন।
অসমে আরও একটি বায়ুসেনার বিমান বিধ্বস্ত হয় তিন মাস আগে। ৬ মার্চ তারিখে একটি প্রশিক্ষণ মিশনে একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান যোরহাট থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে রাডার যোগাযোগ হারিয়ে ফেলায় কার্বি আংলং জেলার পাহাড়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের দুই পাইলট স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর মারা গিয়েছিলেন।


