Barak UpdatesHappeningsBreaking News
ভোট নিতে রওনা দিয়েছেন কাছাড়ের ১৩ হাজার কর্মী
ওয়েটুবরাক, ৮ এপ্রিল: কাছাড় জেলায় মোট ১৭৩২ বুথে আগামী কাল বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। আজ বুধবার সকাল থেকেই ভোটকর্মীরা নির্বাচন সামগ্রী সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। দুপুর থেকে সকলে নিজ নিজ বুথের উদ্দেশে রওয়ানা হতে থাকেন।
জেলাশাসক আয়ুষ গর্গ এ সংক্রান্ত কাজকর্ম পর্যবেক্ষণ করে জানান, নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট ৯০০০ ভোটকর্মীকে এই কাজের জন্য নিযুক্তি প্রদান করা হয়েছে। এ ছাড়া, রয়েছেন ৪০০০ নিরাপত্তা কর্মী। মোট ১৩০০০ দায়িত্বপ্রাপ্ত কর্মী আজ ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন।
এবার একদিনে সমস্ত ভোটকর্মীদের রওয়ানা করা হয়েছে। গর্গ বলেন, এটা ব্যতিক্রমী পদক্ষেপ। এর আগে দূরের ও দুর্গম বুথগুলিতে একদিন বা দুদিন আগেই ভোটকর্মীদের পাঠানো হতো। এবার সবকিছু পর্যালোচনা করে একদিনে সব ভোটকেন্দ্রে তাঁদের পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত ও মণিপুর সীমা এলাকার ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। স্পর্শকাতর সব ভোটকেন্দ্রে আধা সামরিক বাহিনীর জওয়ান থাকবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, কাছাড় জেলায় মহিলা পরিচালিত বুথ রয়েছে ৪০০টি। সেগুলির নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।



