India & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ওয়েটুবরাক, ২০ এপ্রিল: প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সমীকরণ বদলে বড় পদক্ষেপ নিল নয়াদিল্লি। বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। সাধারণত পেশাদার কূটনীতিকদেরই এই পদে নিয়োগ করা হয়ে থাকে, তবে এক্ষেত্রে রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে বেছে নিয়ে বড় চমক দিয়েছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, ঢাকার সঙ্গে ভারতের নীতিগত পুনর্গঠন বা ‘পলিসি রিসেট’-এর লক্ষ্যেই এই ‘হাই-প্রোফাইল’ নিয়োগ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার ফল পেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদী। এই সময়ে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার পদে রয়েছেন প্রণয় বর্মা। তাঁকে ব্রাসেলস এবং ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের দূত নিযুক্ত করার ঘোষণা করেছে বিদেশমন্ত্রক। আর তাঁর জায়গায় যাচ্ছেন পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতা।

৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্তটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান থাকায়, দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সঙ্গে তৃণমূল পর্যায়ে আরও ভালো সংলাপ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এখন তাঁর মনোনয়নের জন্য ঢাকায় তারেক রহমানের সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে।



