NE UpdatesAnalyticsBreaking News

প্রাক্তন অগ্নিবীরদের সরকারি চাকরিতে ১২ শতাংশ সংরক্ষণ, একগুচ্ছ সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

গুয়াহাটি, ৪ অক্টোবর : প্রাক্তন অগ্নিবীরদের জন্য সরকারি চাকরিতে ১২ শতাংশ সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। রবিবারের বৈঠকে কর্মসংস্থান, শিল্পে বিনিয়োগ, সড়ক ও নদীতীর উন্নয়ন, গ্রামীণ পানীয় জল সরবরাহ, পুর নিগমের নির্বাচন এবং পরিবেশ সংরক্ষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, অসমের স্থায়ী বাসিন্দা প্রাক্তন অগ্নিবীরদের রাজ্য সরকারি পরিষেবার ১১টি বিভাগে নিয়োগের ক্ষেত্রে ১২ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। এর আওতায় অসম পুলিশ, অসম পুলিশ রেডিও অর্গানাইজেশন (এপিআরও), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), দমকল ও জরুরি পরিষেবা, বনরক্ষী এবং আবগারি বিভাগের মতো ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে। সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে কাজ করার পর রাজ্যে সরকারি চাকরি পাওয়ার সুযোগ বাড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

গাড়ি হস্তান্তরে গ্রিন সেস

পরিবেশ সংরক্ষণ ও বনসৃজনের কাজে অর্থের জোগান বাড়াতে গাড়ির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে গ্রিন সেস বা পরিবেশ সংক্রান্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে বৈদ্যুতিক গাড়ি, সিএনজি-চালিত গাড়ি এবং দুই ও তিন চাকার যানবাহনকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। গাড়ির নথিভুক্ত মালিকের মৃত্যুর পর মালিকানা হস্তান্তরের ক্ষেত্রেও এই সেস দিতে হবে না।

ডালমিয়া ভারত গ্রিন ভিশনে ১০,২০০ কোটি টাকার বিনিয়োগ

শিল্পক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ডালমিয়া ভারত গ্রিন ভিশন লিমিটেডের প্রস্তাবিত ক্লিঙ্কার উৎপাদন প্রকল্পের জন্য বিশেষ আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রকল্পটিতে মোট ১০,২০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে শিল্প পরিকাঠামো ও বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

জাতীয় সড়ক সংক্রান্ত দায়িত্বে পরিবর্তন

সড়ক পরিকাঠামো প্রকল্পগুলির পরিচালনা আরও কার্যকর করতে পূর্ত বিভাগের (বিল্ডিংস অ্যান্ড ন্যাশনাল হাইওয়েজ) অধীনে থাকা জাতীয় সড়ক সংক্রান্ত অংশকে পৃথক করে পূর্ত বিভাগের (রোডস) অধীনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় সড়ক সংক্রান্ত প্রকল্পগুলির পরিকল্পনা ও বাস্তবায়ন আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

ব্রহ্মপুত্র নদীতীর উন্নয়নের দ্বিতীয় পর্যায়

গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীতীর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে টাটা কনসালটিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে। মন্ত্রিসভা এই সংস্থার নিয়োগে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ে কাচারি বাজার থেকে নীলাচল পাহাড়ের পাদদেশ পর্যন্ত এলাকার উন্নয়ন করা হবে। প্রকল্পের পরবর্তী কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে ডিপিআর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

গ্রামীণ পানীয় জল প্রকল্পে সমন্বয়

জল জীবন মিশন এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলির আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থার বাস্তবায়ন, পরিচালনা, নজরদারি ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে অসম সরকার এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর), ডিমা হাসাও ও কার্বি আংলংয়ের স্বশাসিত পরিষদগুলির মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশেষ করে পাহাড়ি ও স্বশাসিত পরিষদ-অন্তর্ভুক্ত এলাকাগুলিতে পানীয় জল সরবরাহ প্রকল্পগুলির কাজ আরও কার্যকরভাবে পরিচালনা এবং দীর্ঘদিন পরিষেবা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ।

অসম রেজিমেন্টাল সেন্টারের পরিকাঠামোয় ১০ কোটি

অসম রেজিমেন্টাল সেন্টারের পরিকাঠামো উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর জনজরুরি সহায়তা প্রকল্পের আওতায় মধুপুর সত্ৰের কার্যক্রম পরিচালনার জন্য মাসিক ১ লক্ষ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

পুর নিগমের নির্বাচন সংক্রান্ত নিয়মে সংশোধন

পুর নিগমের নির্বাচন সংক্রান্ত মামলা ও অন্যান্য প্রক্রিয়া পরিচালনা আরও সুসংহত করতে অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬-এ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত নিয়ম অনুযায়ী, পুর নিগমের নির্বাচন সংক্রান্ত বিষয়গুলি সংশ্লিষ্ট জেলা বিচারকের আদালতের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker